আবার দখল সিলেটের ফুটপাত
দখল হয়ে গেছে সিলেট নগরের ফুটপাতগুলো। ফুটপাত ছাড়াও নগরের অন্তত ছয়টি এলাকায় মূল সড়ক দখল করে সেখানেও নিত্যদিন হাটবাজার বসাচ্ছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। ফুটপাত ও সড়কের ওপর বাজার বসায় এসব স্থানে সার্বক্ষণিক যানজট লেগে থাকছে।
এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। পুলিশ ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে পথচারী ও ব্যবসায়ীরা জানিয়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা মার্কেট, সিটি পয়েন্ট, চৌহাট্টা ও আম্বরখানা এলাকার মূল সড়কের দুই পাশ এবং ফুটপাতের পুরো জায়গাই দখল হয়ে পড়েছে। নগরের বন্দরবাজার এলাকার তিন ভাগে বিভক্ত রিকশা লেনের দুই অংশও হকাররা দখল করে নিয়েছেন। এর বাইরে টিলাগড়, পাঠানটোলা, সুবিদবাজার, দক্ষিণ সুরমা, কদমতলী, মীরাবাজার, তালতলা, রিকাবীবাজার, জেলরোড, নয়াসড়ক এলাকারও কিছু ফুটপাত দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা চালাচ্ছেন। দখল হয়ে পড়া ফুটপাতে শাকসবজি, ফলমূল, কাপড়চোপড়, জুতা, সিডি-ভিসিডি ও প্রসাধনসামগ্রী দেদার বিক্রি হচ্ছে।
গত রোববার বিকেলে জিন্দাবাজার এলাকায় কথা হয় মামুন মিয়ার সঙ্গে। তিনি পেশায় বাবুর্চি। মামুন জানান, আরিফুল হক চৌধুরী মেয়রের দায়িত্ব পেয়েই ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে নগরবাসীর সুনাম কুড়িয়েছিলেন। কিন্তু একটি মামলায় মেয়র এখন কারাগারে থাকায় ফুটপাতগুলো আবার বেদখল হয়ে পড়েছে। অথচ পুলিশ কিংবা সিটি করপোরেশন কর্তৃপক্ষ হকার উচ্ছেদে কোনো ব্যবস্থাই নিচ্ছে না।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ২৭টি ওয়ার্ডে সিটি করপোরেশনের নির্মাণাধীন ১৫ কিলোমিটার ফুটপাত রয়েছে। এর মধ্যে পাঁচ-সাত কিলোমিটার ফুটপাত হকাররা দখল করে রেখেছেন। ফুটপাত ছাড়া আরও অন্তত দুই কিলোমিটার এলাকার মূল সড়ক দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ব্যবসা করছেন। তবে সিটি করপোরেশনের নির্মাণাধীন ফুটপাত ছাড়া আরও প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ফুটপাত রয়েছে।
গত বুধবার দুপুরে বন্দরবাজার এলাকায় কথা হয় দাড়িয়াপাড়া এলাকার সুজিত চন্দ্র দাশের সঙ্গে। তিনি বলেন, ‘ফুটপাত হকারমুক্ত হওয়ায় কিছুদিন শান্তিতে হাঁটতে পেরেছিলাম। এখন ফুটপাত আবার আগের অবস্থায় ফিরে গেছে।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, আরিফুল হক চৌধুরী স্বতঃপ্রণোদিত হয়ে ফুটপাত থেকে হকার উচ্ছেদে নেমেছিলেন। তবে ফুটপাত দখলমুক্ত রাখা সিটি করপোরেশনের কাজ নয়, এটি পুলিশ প্রশাসনের কাজ। প্রয়োজনে পুলিশ জেলা প্রশাসনের সাহায্য নিতে পারে। এ ক্ষেত্রে ফুটপাত থেকে হকার উচ্ছেদে পুলিশের যদি যানবাহন কিংবা শ্রমিকের চাহিদা থাকে, সেটা সিটি কর্তৃপক্ষ সরবরাহ করবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচিতে নগরে যানবাহন কিছুটা সীমিত চলাচল করছে। তাই ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে আমরা কিছুটা শৈথিল্য দেখাচ্ছি। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’