আবার নির্বাচনী প্রচারে খালেদা

একদিন বিরতির পর আবার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে বের হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার বিকেলে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারে বের হয়েছেন।
বিকেল সাড়ে চারটার দিকে নির্বাচনী প্রচারের জন্য খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা থেকে বের হন। গুলশান থেকে বের হয়ে খালেদা জিয়ার গাড়িবহর রাজধানীর নতুন বাজার এলাকায় যায়। সেখান থেকে তার গাড়িবহর প্রগতি সরণি হয়ে যমুনা ফিউচার পার্ক এলাকায় গেছে। তবে তিনি গাড়ি থেকে নামেননি। দলীয় নেতা-কর্মীরা দল সমর্থিত প্রার্থীদের পক্ষে লিফলেট বিতরণ করছেন।
গত সোম, মঙ্গল ও বুধবার পর পর তিন দিন রাজধানীর কারওয়ান বাজার, ফকিরাপুল ও বাংলামোটর এলাকায় হামলার মুখে পড়ার পর গতকাল বৃহস্পতিবার আর নির্বাচনী প্রচারে নামেননি খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিন দিনের হামলায় খালেদা জিয়ার গাড়িসহ নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি-সংকটের কারণে খালেদা জিয়া বের হননি। এর আগে রোববার উত্তরায় তিনি নির্বাচনী প্রচারে গিয়ে সরকার-সমর্থকদের বাধার মুখে পড়েন।