রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দলীয় লোক নিয়োগের দাবিতে আবারও নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের অবরোধের কারণে উপাচার্যের বাসভবনে গতকাল সোমবার নির্ধারিত পরীক্ষা ভন্ডুল হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, জনসংযোগ কর্মকর্তার একটি পদে গতকাল বিকেল চারটায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপাচার্যের বাসভবনে নিয়োগ বোর্ডের সামনে ছয়জন প্রার্থীকে ডাকা হয়েছিল। বেলা তিনটার আগে থেকেই মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা এই বাসভবনের ফটকে অবস্থান নিয়ে কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। চারটার কিছু আগে একজন প্রার্থী এলে তাঁকে পরীক্ষা হবে না জানিয়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলেন তাঁরা। বাসভবন এভাবে অবরোধ করে রাখার খবর পেয়ে আর কোনো প্রার্থী সেখানে যাননি।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা মো. আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘জামায়াত-বিএনপির আমলে মাস্টাররোলে নিয়োগ পাওয়া ৫৪৪ জনের মধ্য থেকে কিছুসংখ্যক লোককে অ্যাডহকে নিয়োগ দেওয়া হবে এমন খবরে গত শনিবার আমরা প্রশাসন ভবনের ফটক অবরোধ করেছিলাম। পরে প্রক্টর কোনো নিয়োগ হবে না বলে আশ্বাস দেন। কিন্তু আজ জনসংযোগ দপ্তরে কর্মকর্তা নিয়োগের ভাইভা বোর্ড বসিয়েছে। তাই আমরা বাধা দিয়েছি।’ তিনি আরও বলেন, ছাত্রলীগের নির্যাতিত যাঁদের হাত-পা-রগ কাটা, তাঁদের নিয়োগ দিতে হবে।
এ ঘটনার আগে গত শনিবার নিয়োগ বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ফটক অবরোধ করে রাখেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নিয়োগ দিচ্ছে না আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। এরও আগে গত বছরের ২১ ও ২৩ ডিসেম্বর এ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেন আলাউদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা। এরপর গত ৬ ফেব্রুয়ারি ‘স্থানীয়দের’ চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে ৩৩ হাজার শিক্ষার্থী। ১ হাজার ২৫০ শিক্ষকসহ অনেক কর্মকর্তা-কর্মচারী। তাঁরা থাকতে বাইরের লোকজন এসে কীভাবে ভেতরের কার্যক্রমে বাধা দেয়? কেউ কোনো প্রতিবাদ করছেন না। তবে কি ভেতরের কেউ মদদ দিচ্ছেন? এসব খতিয়ে দেখতে হবে।’
উপাচার্য বলেন, ‘পুলিশকে বললে তারা বলছে, আপনাদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেই তো তারা বসে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। কার বিরুদ্ধে ব্যবস্থা নেব?’ গতকালের পরীক্ষা বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষা নিতে পারলাম না। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।’