
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল দেশকে নিয়ে সামনে এগোতে চান আর বিএনপির নেত্রী খালেদা জিয়া দেশকে পেছনের দিকে নিতে চান।
আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে এক জনসভায় নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবের সমালোচনা করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী তাঁর সরকারের আমলে কাজ শেষ হওয়া ২৮টি প্রকল্পের উদ্বোধন করেন।এ ছাড়া তিনি নতুন আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সামনের দিকে এগোতে চাই আর বিএনপির চেয়ারপারসন আমাদের পেছনের দিকে নিতে চান।আমরা ভিশন ২০২১ নিয়ে দেশকে সামনের দিকে যেতে চাই।সেখানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আমাদের পেছনের দিকে নিতে চাচ্ছেন।’
গতকাল এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারব্যবস্থা গঠন সম্পর্কে বলেন, ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা ২০ উপদেষ্টার মধ্য থেকে আওয়ামী লীগ পাঁচজন এবং বিএনপি পাঁচজনের নাম প্রস্তাব করবে।এঁরাই হবেন নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা।
বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ‘সোনার বাংলা’ গড়তে আবার নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী। তিনি জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা দেশের উন্নয়নে আবার নৌকা মার্কায় ভোট দেবেন কি না, ওয়াদা করেন। হাত তুলে বলেন।’ এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে তা সমর্থন করে।
এর আগে রাজধানী ঢাকার সাভারে, কক্সবাজার, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন জনসভায় নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তাঁর সরকারের শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে উন্নয়নের চিত্র তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য দিনাজপুর সরকারি কলেজ এবং দিনাজপুর মহিলা কলেজকে বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন।