নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আবার চট্টগ্রাম বন্দরের ভাড়া মওকুফের সুবিধা দিয়েছেন। এবার তিনি একজন গাড়ি আমদানিকারককে তিন দফায় প্রায় এক কোটি ৫৮ লাখ টাকা ভাড়া মওকুফের সুবিধা দেন। এ সুবিধা নিয়ে আমদানিকারক ২৩১টি গাড়ির মধ্যে ১২০টি খালাস করে নেন। বাকি ১১১টি বন্দর জেটিতে ফেলে রাখেন।বন্দর সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হকস বে অটোমোবাইল লিমিটেড গত বছর বিভিন্ন সময় জাপান থেকে ২৩১টি গাড়ি এনে দীর্ঘদিন বন্দরের জেটিতে রাখে। জেটি থেকে গাড়ি নিতে বিলম্বের নানা অজুহাত দেখিয়ে প্রতিষ্ঠানটি গত বছরের ৮ নভেম্বর নৌপরিবহনমন্ত্রীর কাছে ৫০ শতাংশ ভাড়া মওকুফের আবেদন করে। পরদিন মন্ত্রী ২৫ শতাংশ ভাড়া অর্থাৎ ৫৯ লাখ টাকা মওকুফ করে গাড়িগুলো খালাসের নির্দেশনা দেন।মন্ত্রণালয়ের এ নির্দেশনার সুযোগ নিয়ে আমদানিকারক দ্রুত ১২০টি গাড়ি বন্দর থেকে ছাড়িয়ে নেন। বাকি ১১১টি গাড়ি বন্দর জেটিতে পড়ে থাকে। পরে আরও দুই দফায় ২৭ ও ৭২ লাখ টাকা করে ১১১টি গাড়ির প্রায় ৯৯ লাখ টাকা ভাড়া মওকুফ করেন নৌমন্ত্রী। কিন্তু আমদানিকারক খালাস না নেওয়ায় কয়েক মাসে বন্দরের ভাড়া বাড়তে থাকে। এসব গাড়ি এখন বন্দরের ‘পি’ এবং ‘এফ’ শেডে রয়েছে। সবগুলো গাড়ি জাপানি সেডান কার (প্রাইভেট কার)।এ বিষয়ে জানতে নৌপরিবহনমন্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। আমদানিকারক প্রতিষ্ঠান হকস বের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক বলেন, ‘আমাদের সুবিচার চাওয়ার কোনো জায়গা নেই বলে আমরা মন্ত্রণালয়ে গিয়েছি। এভাবে ভাড়া মওকুফে তো অন্যায় কিছু দেখি না।’একজন গাড়ির ব্যবসায়ীকে এ সুবিধা দিলে অন্যরা বঞ্চিত হবে—এমন প্রশ্নে উত্তেজিত হয়ে আবদুল হক বলেন, ‘আমি শুধু একজন গাড়ির ব্যবসায়ী নই, সরকারের ১০১টি কমিটিতে আছি। সরকার ও সমাজকে বিনা মূল্যে সেবা দিচ্ছি। এটার কি কোনো দাম নেই?’ এর আগে নয় মাসে নৌমন্ত্রী কয়েকজন আমদানিকারককে বন্দরের প্রায় আট কোটি টাকা ভাড়া মওকুফ করেন। এ নিয়ে গত ৯ মে প্রথম আলোয় ‘নৌমন্ত্রীর উদারতায় আয় কমছে বন্দরের’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এ সংবাদের একাংশে বলা হয়েছিল, হকস বে অটোমোবাইলের প্রায় এক কোটি টাকা দণ্ডভাড়া মওকুফ করাতে মন্ত্রীর দপ্তরে এখন নতুন করে ফাইল চালাচালি হচ্ছে। মন্ত্রণালয় সূত্র জানায়, আমদানিকারক গত বছরের নভেম্বরে প্রথম ২৫ শতাংশ ভাড়া মওকুফের সুবিধা নিয়ে ১২০টি গাড়ি নিয়ে যায়। একই কায়দায় গত বছরের ৩ নভেম্বর থেকে গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসের জন্য বাকি ১১১টি গাড়ির ৫০ শতাংশ ভাড়া অর্থাৎ প্রায় ২৭ লাখ টাকা মওকুফে দ্বিতীয় দফা মন্ত্রীর অনুমোদন নেন। কিন্তু দ্বিতীয় দফায় তিনি গাড়িগুলো নিতে ব্যর্থ হন। এ জন্য আমদানিকারক অবশ্য শুল্ক কর্তৃপক্ষের জটিলতাকে দায়ী করেন। পরে গত ৩ ফেব্রুয়ারি আমদানিকারক তৃতীয় দফায় ভাড়া মওকুফের আবেদন জানান।সূত্র জানায়, আমদানিকারকের আবেদনের পরিপ্রেক্ষিতে এবার মন্ত্রী শতভাগ ভাড়া অর্থাৎ ৭২ লাখ টাকা মওকুফের সিদ্ধান্ত দেন। গত ২৬ মে জারি করা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, পত্রজারির ১৫ দিনের মধ্যে হকস বে অটোমোবাইল লিমিটেডকে গাড়ি খালাস করতে হবে, অন্যথায় পুরো ভাড়া দিতে হবে। এ সময় শেষ হয় ১৫ জুন।সময় শেষ হওয়ার এক দিন পর আমদানিকারকের প্রতিনিধি গত ১৬ এবং ১৭ জুন বন্দরের জেটিতে গিয়ে গাড়ি ছাড়িয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নানাভাবে চাপ দেন। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনার শর্ত ভঙ্গ হওয়ায় কর্মকর্তারা ওই প্রতিষ্ঠানের গাড়ি ছাড় দিতে রাজি হননি। বন্দর কর্মকর্তারা আমদানিকারককে বলেন, ১৫ জুনের মধ্যে আমদানিকারক এলে ভাড়া মওকুফ পাওয়া যেত। নির্ধারিত সময় পার হওয়ায় এখন সেটা আর সম্ভব নয়।অভিযোগ পাওয়া গেছে, আমদানিকারক নতুন করে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ১১১টি গাড়ির ভাড়া মওকুফসুবিধায় জেটি থেকে সরবরাহ নেওয়ার চেষ্টা তদবির করছেন।বন্দর অধ্যাদেশের ২০ ধারায় বলা হয়েছে, শুধু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ ধরনের ভাড়া মওকুফসুবিধা দিতে পারে। এর বাইরে বন্দরের ভাড়া কিংবা দণ্ডভাড়া মওকুফের আর কোনো সুযোগ নেই।