আবার পরীক্ষার দাবিতে ডিসি কার্যালয় ঘেরাও অভিভাবকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগে রাজশাহীর ছয়টি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং আবার পরীক্ষা গ্রহণের দাবিতে অভিভাবকেরা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেন। এদিকে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক অভিভাবক ডিসির কার্যালয় ঘেরাও করেন। তাঁরা প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন। এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, অভিভাবক শাবানা খাতুন ও নাসিমা খাতুনসহ বেশ কয়েকজন অভিভাবক জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁদের দাবির কথা তুলে ধরেন।অভিভাবকেরা দাবি করেন, ওই পরীক্ষার ফলাফল সাত দিনের মধ্যে বাতিল করতে হবে। নতুন করে পরীক্ষা নিতে হবে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। অভিযোগ তদন্তের জন্য জেলা প্রশাসক দিলোয়ার বখত গতকাল বিকেলে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মাহবুবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অপর দুই সদস্য হলেন রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান ও শাহ মখদুম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসিকুল ইসলাম। এই কমিটি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। জেলা প্রশাসক ও পরীক্ষা কমিটির সভাপতি দিলোয়ার বখত প্রথম আলোকে বলেন, কোনো অনিয়ম হয়নি। তার পরও যখন অভিযোগ আসছে, সেটা তদন্ত করে কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ওই রাতে মাইকে ঘোষণা করা হয়। পর দিন চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ব্যাপক অসংগতি থাকার অভিযোগে অভিভাবকেরা এ আন্দোলন করছেন।