আবার পাট চাষে ঝোঁক কুষ্টিয়ার কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গত বছরের তুলনায় এবার পাটের চাষ বেড়েছে। সরকারি সিদ্ধান্তে দেশে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও ভালো দাম পাওয়ায় পাটের আবাদ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর জেলায় মোট ৯১ হাজার ২৯৪ একর জমিতে পাটের চাষ হয়েছিল। এবার হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৬৪ একর জমিতে। সে হিসাবে এ বছর জেলায় পাট চাষ বেড়েছে ১৩ শতাংশ। এর আগে ২০১৪ সালে ৮৭ হাজার ২৬৫ একর, ২০১৩ সালে ৮৬ হাজার ১৬৫ একর ও ২০১২ সালে ৮৮ হাজার ২৪১ একর জমিতে পাটের চাষ হয়েছিল।
চলতি বছর জেলায় পাট চাষে শীর্ষে রয়েছে দৌলতপুর। এ উপজেলায় ৪১ হাজার ৯৯০ একর জমিতে পাটের আবাদ হয়েছে। এ ছাড়া মিরপুরে ২১ হাজার ৭৩৬ একর, কুমারখালীতে ১৩ হাজার ৩৩৮ একর, ভেড়ামারায় ১০ হাজার ৮৬৮ একর, খোকসায় ৯ হাজার ৩৮৬ একর ও কুষ্টিয়া সদরে ৬ হাজার ৪৪৬ একর জমিতে পাট চাষ হয়েছে।
গতবারের মতো এবারও পাটের ফলন ভালো হবে বলে আশা করছেন কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা। জেলা পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস জানান, গত বছর জেলায় ৪ লাখ ৫৬ হাজার ৪৭০ বেল (১৮২.২৫ কেজি) পাট উৎপাদিত হয়েছিল। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ লাখ ১৮ হাজার ৮২০ বেল।
অধিদপ্তর বলছে, গতবার পাটের ফলন যেমন বেশি হয়, তেমনি দামও ভালো পেয়েছেন কৃষকেরা। বাজারমূল্য মণপ্রতি ছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। ফলে পাটচাষিরা বেশ লাভবান হয়েছেন। এবারও তাঁরা লাভের আশা করছেন। কারণ, সরকার ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সার—ছয়টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে। ফলে বাজারে এখন পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা। তাই এ বছর পাটের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাটচাষি নাহার আলী বলেন, গত বছর তিনি পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। বিঘাপ্রতি নয় মণ করে পাট হয়েছিল। দুই হাজার টাকা মণ দরে বিক্রি করে বেশ লাভ ঘরে তুলেছিলেন তিনি। তাই এবার সাত বিঘা জমিতে পাট চাষ করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার অতিরিক্ত উপপরিচালক হায়াত মাহমুদ প্রথম আলোকে বলেন, ছয়টি পণ্য বিপণনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তে দেশে পাটের চাহিদা ব্যাপক বেড়েছে। এ কারণে কৃষকেরা পাট চাষের প্রতি ঝুঁকছেন।