আবার পাথর কোয়ারিতে গর্তের পাড় ধসে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জে আবার পাথর কোয়ারিতে গর্তের পাড় ধসে শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উৎমা পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম ফারুক আহমদ। বাড়ি উপজেলার বিজয় পাড়ুয়া গ্রামে।

এ নিয়ে গত প্রায় দুই মাসে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় একই ধরনের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল লাইছের নেতৃত্বে প্রশাসন ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

আজ বেলা একটার দিকে মুঠোফোনে যোগাযোগ করলে ঘটনাস্থল থেকে ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উৎমা পাথর কোয়ারির একটি ব্যক্তিমালিকানাধীন অংশে গভীর গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

১ মার্চ কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় গর্ত ধসে একজন পাথর ব্যবসায়ী নিহত হয়েছিলেন। এই টিলাতেই অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গত ২৩ জানুয়ারি গর্ত ধসে পাঁচজন শ্রমিক নিহত হন। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর গত ১১ ফেব্রুয়ারি একই জায়গায় ফের গর্ত ধসে নিহত হন আরেক শ্রমিক। ৯ ফেব্রুয়ারি গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে গর্ত ধসে তিনজন পাথরশ্রমিক নিহত হন। ১৯ ফেব্রুয়ারি জাফলংয়ে চুনাকোয়ারি গর্ত ধসে দুই পাথরশ্রমিকের মৃত্যু হয়।