আবার পাহাড় ধস, ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানায় গতকাল সোমবার ভোরে পাহাড়ধসে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে এক দম্পতি। বিশ্বকলোনি ট্যাঙ্কি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। গত দেড় মাসে এই নিয়ে চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো পাহাড়ধসের ঘটনা ঘটল। এদিকে পাহাড়ধসের ঘটনা এড়াতে এর আগে ১২ দফা সুপারিশ করা হলেও তা বাস্তবায়নে কোনো অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। গতকালের দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন (২২) ও মোহাম্মদ জামাল (৪০)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাঁদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাদীনগর গ্রামে। আহত ফখরুল (২২) ও তাঁর স্ত্রী সুমি আক্তারকে (২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক বলেন, বিশ্বকলোনির একটি পাহাড়ের গা ঘেঁষে অনেক পরিবার ঝুঁকিপূর্ণভাবে ঘর তুলে বসবাস করে আসছে। অন্য দিনের মতো গতকাল ভোরেও ওই পরিবারগুলোর সদস্যরা ঘুমিয়েছিলেন। ভোর ছয়টার দিকে ঘুমন্ত অবস্থায় জি ব্লকের একটি পাহাড়ের মাটি ধসে একটি ঘরের ওপর পড়ে। এতে ঘরের তিনটি কক্ষ মাটিচাপা পড়ে বিধ্বস্ত হয়।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিহত দুই ভাই পাহাড়ের সঙ্গে লাগোয়া একটি কক্ষের একই খাটে ঘুমাচ্ছিলেন। এমন সময় ওপর থেকে বিকট শব্দে বিশাল বিশাল কয়েকটি মাটির খণ্ড টিনের ছাউনির ওপর পড়ে। এতে ঘরটির তিনটি কক্ষই বিধ্বস্ত হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, খাড়া পাহাড়ের নিচের অংশের মাটি কাটতে কাটতে ভেতরে ঢুকে গেছে। ফলে ওপরের অংশ বাইরের দিকে চলে আসে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ওপরের অংশ ভারী হয়ে ধসে পড়ে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, বিশ্বকলোনির এ পাহাড়ের মাটি কেটে গোড়ায় ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল ওই পরিবারগুলো। এর আগে গত এক জুলাই প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাটালি পাহাড়ের প্রতিরোধদেয়ালসহ ভূমিধসে ১৭ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর নগরের ১২ পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে অন্য জায়গায় পুনর্বাসনের পুনঃসিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। জানা গেছে, ঝুঁকিপূর্ণ ১২ পাহাড়ের তালিকায় বিশ্বকলোনির জি ব্লকের পাহাড় ছিল না। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বলা হলেও রাজনৈতিক নেতারা এসব বসতিকে নানাভাবে বৈধতা দিয়ে থাকেন। স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম মাস্টার বিশ্বকলোনির খাড়া পাহাড়ের পাশে বসবাসকারীদের পানীয় জলের জন্য একটি গভীর নলকূপ উদ্বোধন করেছিলেন বলে জানা গেছে। তবে গতকাল পাহাড়ধসের পর তিনি ঘটনাস্থলে পরিদর্শনে এসে এই পাহাড়ের পাশে বসবাসকারীদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া দরকার।’তবে ওই কলোনির বাসিন্দা মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘বছর খানেক আগে সাংসদ আবুল কাশেম এখানে আমাদের বসবাসের সুবিধার্থে একটি গভীর নলকূপ স্থাপন করেন। তিনি নিজেই এই নলকূপের উদ্বোধন করেন।’এই কলোনিতে ঝুঁকির মধ্যে প্রায় ১০০ ঘর রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। গতকালের দুর্ঘটনার পর প্রতিটি ঘরে তালা দেখা গেছে। তাঁরা জামাল আহমদ ও জহির আহম্মদ নামে স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকায় এসব জায়গা কিনে সেখানে টিনশেড বাড়ি করেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর আবুল কাশেম ছাড়াও সিটি মেয়র এম মন্জুর আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির সুপারিশ বাস্তবায়ন হয়নি: গত এক জুলাই বাটালি পাহাড়ের প্রতিরোধদেয়াল ধসে পড়ার পর গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি ১২ দফা সুপারিশ পেশ করেছিল। তার মধ্যে পাহাড়ধস এড়ানোর জন্য ১২টি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে অবৈধ বসতি সরিয়ে নেওয়ার সুপারিশও ছিল। গত ৬ জুলাই এ প্রতিবেদন দেওয়া হয়েছিল। এর আগে ২০০৭ সালের পাহাড়ধসের পর গঠিত শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটিও এ ১২টি পাহাড়ের পাদদেশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সুপারিশ বাস্তবায়ন হয়নি। অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন, ‘লোকজনগুলো এই এলাকা ছেড়ে কোথাও যেতে রাজি হয়নি। দুষ্টুচক্রের কারণে তাদের এখান থেকে উচ্ছেদ করা যায়নি।’