আবার পেছাল একরাম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল। আজ বুধবার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে দুজন আসামি অনুপস্থিত থাকায় আগামী ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন কারাগারে আটক সব আসামিকে আদালতে হাজির করার জন্য বলা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযোগ গঠনের শুনানির দিন পেছাল। এর আগে গত ১১ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের প্রথম ধার্য দিনেও কয়েকজন আসামি আদালতে অনুপস্থিত থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ মামলার ধার্য তারিখে ফেনী জেলা কারাগারে থাকা ২৯ জন এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা সাতজন আসামিকে জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফি উল্লাহর আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা চারজনও আদালতে উপস্থিত ছিলেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ বলেন, মামলার একজন আসামি ঢাকার কেন্দ্রীয় কারাগারের অধীনে বারডেম হাসপাতালে এবং ফেনী কারাগারের একজন আসামি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ তাঁদের আদালতে হাজির করা যায়নি। কারাগারে থাকা সব আসামিকে হাজির না করায় মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
গত বছরের ১৩ অক্টোবর ফেনীর মুখ্য বিচারিক হাকিম মশিউর রহমান খান মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বিচারিক হাকিমের আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছরের ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ইতিমধ্যে ৪২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অবশিষ্ট ১৪ জন এখনো পলাতক রয়েছে।
২০১৪ সালের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে ফুলগাজী যাওয়ার পথে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।