সপ্তমবারের মতো পেছাল মহেশখালী আওয়ামী লীগের সম্মেলন। গতকাল শনিবার ছিল সম্মেলনের নির্ধারিত দিন। কিন্তু সম্মেলন হয়নি। এখন নতুন তারিখ ঘোষণা করা হয়েছে—১৯ জানুয়ারি।
নির্ধারিত দিনে আবারও সম্মেলন না হওয়ায় ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীরা। এবার সম্মেলন না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা।
দলীয় সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভায় সম্মেলনের তারিখ ১৯ জানুয়ারি পুনঃনির্ধারণ করা হয়। এর আগে ১১ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ১৬ জানুয়ারি সম্মেলনের তারিখ ঘোষণা করেন নেতারা।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বলেন, সম্মেলন করার জন্য জেলা কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ঘোষিত তারিখ অনুযায়ী সম্মেলন হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন করার জন্য জেলা আওয়ামী লীগের কাছ থেকে বারবার তারিখ নিয়ে যায়। কিন্তু ওই তারিখে তাঁরা সম্মেলনের আয়োজন করতে ব্যর্থ হন। আর সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীদের পাশাপাশি আমি নিজেই ক্ষুব্ধ। তবে এবার আর সম্মেলনের তারিখ পেছানোর সুযোগ নেই।
কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল আলম বলেন, আবারও সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ। পছন্দের প্রার্থী পরাজিত হওয়ার ভয়ে সম্মেলনকে ঘিরে নেতারা ষড়যন্ত্র করছেন। তাই ১৯ জানুয়ারি সম্মেলন না হলে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর এইচএম আল নোমান শরীফ বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতে চায়। কিন্তু ভোটে নিজেদের পছন্দের প্রার্থী পরাজিত হওয়ার ভয়ে সম্মেলন না করার জন্য শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ষড়যন্ত্র করছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী কোনো ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করে বলেন, প্রথম দিকে পৌর ও ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলরদের তালিকা করতে দেরি হওয়ায় নির্ধারিত তারিখে সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি। আর সর্বশেষ দলের বৃহত্তর স্বার্থে ১৬ জানুয়ারি সম্মেলনের আগে জেলা পর্যায়ের নেতারা কমিটি গঠন করার বিষয়ে সমন্বয় করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সমন্বয় না হওয়ায় আবারও ১৯ জানুয়ারি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। ওই তারিখে সুষ্ঠুভাবে সম্মেলন শেষ করার জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।