আবার পেছাল ফেলানী হত্যার বিচারকাজ
আবারও পেছাল ফেলানী হত্যা মামলার বিচারকাজ। গত ২৫ মার্চ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালত আগামী ৩০ জুন পর্যন্ত এই হত্যা মামলার বিচারকাজ মুলতবি ঘোষণা করেন।
চার মাস মুলতবি থাকার পর গত ২৫ মার্চ সকালে বিশেষ আদালত বসার কথা ছিল। কিন্তু অসুস্থতার জন্য ভারতের সরকারি আইনজীবী উপস্থিত হতে না পারায় আদালতের কার্যক্রম স্থগিত করা হয়। আগামী ৩০ জুন এর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট এস. এম আব্রাহাম লিংকন প্রথম আলোকে বলেন, বিবিসি বাংলার কলকাতা প্রতিনিধি অমিতাভ ভট্টশালী আজ শনিবার তাঁকে ফোন করে এ কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক লে. কর্নেল জাকির হোসেন বলেন, আইনজীবী উপস্থিত হতে না পারায় আদালত কার্যক্রম স্থগিত হওয়ার কথা শুনেছি। তবে বিএসএফ আমাদের কিছু জানায়নি।
এ ব্যাপারে ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, এ মামলায় এখন রায় ঘোষণাই বাকি। অথচ একের পর এক অজুহাতে রায় দিতে দেরি করা হচ্ছে। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করে বলেন, অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ নিজের দোষ স্বীকার করেছেন। এর পরও প্রথম দফা বিচারে তাঁকে খালাস দেওয়া হয়। অনেক আবেদন নিবেদনের পর পুনর্বিচার শুরু হলেও রায় নিয়ে টাল বাহানা করা হচ্ছে।
২০১১ সালের ৭ জানুয়ারি বাবার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল কিশোরী ফেলানী। ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ গুলি চালায়। এতে ফেলানী নিহত হয়। এরপর কয়েক ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে তার লাশ। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুই দেশে সমালোচনার ঝড় ওঠে।
ওই ঘটনায় বিএসএফ বাদী হয়ে তাদের সদস্য অমিয় ঘোষকে আসামি করে স্থানীয় থানায় মামলা করে। ভারতের কোচবিহারের বিএসএফের উদ্যোগে গঠিত বিশেষ আদালত গত বছরের ৫ সেপ্টেম্বর অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন আদালত। এই রায় প্রত্যাখ্যান করে ফেলানীর বাবা ঢাকায় ভারতীয় হাইকমিশনারের পুনরায় বিচারের আবেদন করেন। এ বছরের ২২ সেপ্টেম্বর বিএসএফের বিশেষ আদালতে পুনর্বিচার শুরু হয়।