আবার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন হাসিনা
২০০৮ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে আবার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে শেখ হাসিনাকে বেশ নির্ভার ও আত্মবিশ্বাসী মনে হয়েছিল। ওয়াশিংটনে পাঠানো ঢাকার মার্কিন দূতাবাসের তারবার্তায় এ কথা বলা হয়। উইকিলিকসের ফাঁস করা এ বার্তায় বলা হয়, নির্বাচনের দুই সপ্তাহ আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সঙ্গে সাক্ষার্যা করেন।মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনা তাঁর দলের নির্বাচনী কৌশল ও প্রতিশ্রুতি, দেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নির্বাচন-পরবর্তী পরিকল্পনার বিষয়ে কথা বলেছিলেন। অভিযোগ করেছিলেন বিএনপির নির্বাচনী কৌশল নিয়ে। তবে দেশের মানুষ আবার তাঁর দলকে ক্ষমতায় আনবে, তা নিয়ে আশাবাদী ছিলেন তিনি। এ ছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন হাসিনা।ভিশন ২০২১: তারবার্তায় বলা হয়, চলমান নির্বাচনী প্রচারণার বিষয়ে শেখ হাসিনার কাছে জানতে চান রাষ্ট্রদূত মরিয়ার্টি। কয়েক দিন আগে প্রকাশিত হওয়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রশংসা করেন তিনি। দেশের গ্রামীণ উন্নয়ন, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণ এবং শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন আওয়ামী লীগের প্রধান।শেখ হাসিনা বলেন, তাঁর লক্ষ্য শুধু আগামী পাঁচ বছরের কাজ নয়, বরং আরও সামনে। এ লক্ষ্যেই আওয়ামী লীগ উচ্চাভিলাষী ‘ভিশন ২০২১’ ঘোষণা করেছে বলে জানান তিনি।সন্ত্রাসবাদ মোকাবিলা: বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। কিছুদিন আগে মুম্বাইয়ে ঘটা সন্ত্রাসী হামলার ঘটনা যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে রাষ্ট্রদূত অভিমত দিলে তাঁর সঙ্গে একমত প্রকাশ করেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা করতে গিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং তাঁদের মদদ দেওয়া গোয়েন্দা সংস্থাগুলোর বিষয় মোকাবিলার প্রয়োজন হবে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রধান বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণে বাংলাদেশের নিরাপত্তা কর্তৃপক্ষের মধ্যে কাউকে কাউকে রাজি করাতে তিনি কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। আওয়ামী লীগ যদি নির্বাচনে জেতে, তাহলে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বিষয়ে একটি বিস্তারিত প্রস্তাব শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত মরিয়ার্টি।বিএনপির নির্বাচনী কৌশল নিয়ে উদ্বেগ: বৈঠকে বিএনপির নির্বাচনী ‘আচরণবিধি লঙ্ঘন’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা এবং তাঁর সহযোগীরা। তাঁরা জানান, এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ ছাড়া আচরণবিধি কার্যকর করতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তাঁরা।আওয়ামী লীগ অভিযোগ করে, শেখ হাসিনা এবং তাঁর দলকে ইসলামবিরোধী হিসেবে তুলে ধরাসহ বিভিন্ন নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বিএনপি। এ ছাড়া নির্বাচনের দিন মুঠোফোন নেটওয়ার্ক বন্ধ রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। জোট রাজনীতি: তারবার্তার ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা মার্কিন রাষ্ট্রদূতকে জানান, সাবেক প্রেসিডেন্ট এরশাদের জাতীয় পার্টির সঙ্গে তাঁর দলের জোট নিয়ে কিছু সমস্যা রয়েছে। জাতীয় পার্টিকে আসন দেওয়ার বিষয়ে তাঁর দলের অনেকে অতি উদার। এরশাদ নিজেও ‘অযৌক্তিক’ দাবি করে যাচ্ছেন। আগামী পার্লামেন্টে একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানান শেখ হাসিনা। এ ক্ষেত্রে এরশাদের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে বলে যে গুঞ্জন রয়েছে, তা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।মন্তব্য: গোপন তারবার্তায় মার্কিন রাষ্ট্রদূত মন্তব্য করেন, প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আগের চেয়ে হাসিনাকে বেশ নির্ভার ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। রাষ্ট্রদূত বলেছেন, শেখ হাসিনার মতে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাঁর আগের মেয়াদ ছিল বাংলাদেশের জন্য স্বর্ণযুগ। সেই যুগ আবার ফিরে আসতে আর মাত্র সপ্তাহ দুয়েক অপেক্ষা করতে হবে বলে তিনি মনে করছেন। এ ছাড়া মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা ইতিবাচক বলে মনে হয়েছে রাষ্ট্রদূতের।