আবার প্রাণচঞ্চল কালীতলা ঘাট ১২ রুটে নৌ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনায় ডুবোচর জেগে ওঠায় পাঁচ মাস বন্ধ থাকা বগুড়ার সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাট চ্যানেলের সঙ্গে ১২ রুটের নৌ-চলাচল আবার শুরু হয়েছে। মাঝিমাল্লা আর যাত্রীদের আনাগোনায় সরব হয়ে উঠেছে যমুনাপাড়ের প্রাচীন এই নৌঘাট। চাঙা হয়ে উঠেছে ঘাটনির্ভর ব্যবসা-বাণিজ্য।

গত ২০ এপ্রিল বেলা দেড়টার দিকে কালীতলা ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটে ভিড়েছে অর্ধশত নৌকা। দূর-দূরান্তের ঘাট থেকে নৌকা এসে ভিড়ছে এখানে। মাঝিমাল্লা আর যাত্রীদের আনাগোনায় মুখরিত গোটা ঘাট।

একপাশে দেখা গেল, রাতে মাছ ধরা শেষে ফিরে আসা অনেক জেলেনৌকা ঘাটে অলস সময় কাটাচ্ছে। চৌকি বানিয়ে পাহারা দিচ্ছেন কয়েকজন। ঘাটসংলগ্ন মোমিন হোটেলের মালিক আবদুল মোমিন বলেন, পাঁচ মাস পর বেচাবিক্রি খুব ভালো হচ্ছে।

ঘাটের খেয়া চৌকিতে বসে ঘাটপাড়ের বাসিন্দা আবদুল কুদ্দুস (৬০) বলেন, নদীপাড়ে শৈশব ও যৌবন কেটেছে। বর্ষায় ভরা নদীর দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায়। বর্ষার পরপরই নদীতে ডুবোচর জেগে নৌ-চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটজুড়ে নিস্তব্ধতা নেমে এসেছিল।

ঘাটের পাশে বাগবেল গ্রামের মাঝি আফসার আলী বলেন, কালীতলা ঘাট থেকে চর মাঝবাড়ি ঘাট, নান্দিনার চর, কালিরচর, মানিকদাইর, জামথৈল, গুটাইল, হাসনাপাড়া-দিঘাপাড়া, কাজলা-বেনিপুর, কার্ণিবাড়ি-নয়াপাড়া, চন্দনবাইশা ছাড়াও ১২ রুটে       নৌ-চলাচল করে। কিন্তু অসংখ্য ডুবোচর জেগে ওঠায় গত নভেম্বরের মাঝামাঝি থেকে  ঘাটে নৌকার নোঙর করা বন্ধ ছিল। এ  অবস্থায় প্রায় ছয় কিলোমিটার ভাটিতে মথুরাপাড়া ঘাটে নৌকাগুলোকে নোঙর করতে হতো।

বগুড়া শহর থেকে পোলট্রি খামারের এক দিনের মুরগির বাচ্চা নৌকায় জামালপুরে নিয়ে যাচ্ছিলেন শফিকুল রহিম ব্যাপারী। তিনি বলেন, বগুড়া থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার পোলট্রির এক দিনের বাচ্চা নৌকায় মাদারগঞ্জ-সরিষাবাড়ী ও জামালপুরে নিয়ে যান। কালীতলা ঘাট চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে প্রাণ ফিরছে।

ঘাটের ইজারাদার আবু সাঈদ বলেন, পাঁচ দিন আগেও নদীতে পানি না থাকায় ঘাটে নৌকা ভিড়ত না। এখন দিনে গড়ে ১০০ নৌকা যাতায়াত করছে।

বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, শুষ্ক মৌসুমে ঘাট সচল রাখতে নদী খনন দরকার। কিন্তু সেটি ব্যয়বহুল এবং পাউবোর কাছে নদী খননের মতো অর্থ নেই।