আবার বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রামে গত বুধবার রাতে মেঘনাতীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকছে। এতে আরও ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে ভাটার সময় তোলা l প্রথম আলো
ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রামে গত বুধবার রাতে মেঘনাতীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকছে। এতে আরও ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে ভাটার সময় তোলা l প্রথম আলো

ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রামে গত বুধবার রাতে মেঘনাতীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ছুটে পানি ঢুকছে। এতে আরও ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে রাজাপুর ও পূর্বইলিশা ইউনিয়নের চারটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

চলতি মাসে ৭০০ পরিবার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙনের মুখে আছে আরও দুই সহস্রাধিক পরিবারের বসতভিটা। গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিন এ চিত্র দেখা গেছে।

ভোলার রাজাপুর-পূর্বইলিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, অস্বাভাবিক জোয়ার ও পানির ঢেউয়ে গত কয়েক দিনে নতুন করে পূর্ব-ইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রামের হাজীবাড়ি থেকে দালালবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের অর্ধেকের মতো ধসে গেছে। গত বুধবার রাতে গ্রামের তোফাজ্জল শিকদারের বাড়ির সামনে বাঁধের ১০ মিটার ছুটে সোনাডুগি ও উত্তর ইলিশা গ্রামের ১৫ হাজার মানুষ প্লাবিত হয়েছে। একই ইউনিয়নের উত্তর-ইলিশা, কালুপুর ও রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামে আগে থেকেই বাঁধ না থাকায় (২১ মে ঘূর্ণিঝড় রোয়ানু থেকে) ৫০ হাজার মানুষ পানিবন্দী আছে। পূর্ণিমা ও অমাবস্যা এলে অস্বাভাবিক জোয়ারে এসব মানুষের দুর্ভোগ চরমে ওঠে। উত্তরের পানির ঢলে ও জোয়ারের তীব্রতায় ভাঙন বৃদ্ধি পেয়েছে ওই চার গ্রামে। ভাঙছে বাজার, মাছঘাট, লঞ্চঘাট ও সি ট্রাক ঘাট। চলতি মাসে কালুপুর গ্রামের ১২০ পরিবার, উত্তর ইলিশা গ্রামের ২৩০ পরিবার, দক্ষিণ রাজাপুর গ্রামের ৩০০ পরিবার ও উত্তর রাজাপুর গ্রামের আরও ৫০টি পরিবারের বসতভিটা ভাঙনে বিলীন হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।

ভাঙনের মুখে পড়া মৌলভীরহাট ফাজিল মাদ্রাসার সভাপতি আইনজীবী মনিরুল ইসলাম বলেন, উত্তর ভোলার স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংকসহ সহস্রাধিক সামাজিক প্রতিষ্ঠান, হাটবাজার, লঞ্চঘাট, মাছঘাট এবং কয়েক হাজার পরিবার ভাঙনের মুখে। এ সমৃদ্ধ অঞ্চলটি সরকারের রক্ষা করা উচিত।

সরেজমিন দেখা যায়, ভাঙনের শিকার পরিবারগুলো সড়কে ও অন্যের বাড়িতে ভাঙা ঘরের আসবাব গচ্ছিত রেখে পথে দিন কাটাচ্ছে। অনেকে ভাড়া বাড়িতে উঠেছে। তবে বেশির ভাগ মানুষ ভোলা ছেড়ে অন্যত্র কাজের সন্ধানে যাচ্ছে। আর প্লাবিত মানুষ সড়কে, ঘরের মাচা ও চৌকির ওপর বসে-দাঁড়িয়ে কাটাচ্ছে দিনরাত। রাস্তার ওপর রান্না করে চলছে মানবেতর জীবন।

বৃহস্পতিবার ইলিশা তেমাথা লঞ্চঘাটে ঢাকার লঞ্চে ওঠার অপেক্ষায় ছিলেন ফিরোজ, দুলাল, কেন্টু ব্যাপারী, লিটন, সিদ্দিকুর রহমান, মাকসুদসহ কয়েক শ যাত্রী। তাঁদের অধিকাংশ ভাঙনকবলিত। তাঁদের মধ্যে রতন ব্যাপারী বলেন, ‘আল্লায় অনেক দিছিল, সব লই গেছে। আছে কতুগুন চারবেরা, হেডি এক স্কুলের মাঠে থুই পরিবার লই ঢাকা যাই। কামকাজ কিছু করি খাইতেতো অইবো!’

উত্তর ভোলা বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক সাঈদ আলী বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবহেলায় মানুষের দুর্ভোগ শেষ হচ্ছে না।

রাজাপুর ইউপি সদস্য মাসুদ রানা বলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রতিদিন ১০ হাজার বালুভর্তি জিওটেক্সটাইল বস্তা ভাঙনের মুখে ফেলতে বলেছেন। কিন্তু পাউবো ও ঠিকাদার এমনভাবে বস্তা ফেলছে, ভাঙনে মানুষ ঘরবাড়িও হারাচ্ছে, আবার সরকারের কোটি কোটি টাকাও গচ্চা যাচ্ছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ৪০ বছর ধরে পাউবো নদীভাঙন প্রতিরোধে কাজ করে ব্যর্থ হচ্ছে। শুধু ঠিকাদারের পকেট ভরাচ্ছে। এর তদন্ত করে সেনাবাহিনী দিয়ে ভাঙন প্রতিরোধে কাজ করানো উচিত।

ঠিকাদার আবুল কালাম আজাদের প্রতিনিধি মো. রাজীব বলেন, ‘আমরা পাউবোর প্রকৌশলীর কথামতোই কাজ করছি। তারা বস্তা ফেলতে বললে ফেলি, এ পর্যন্ত ভাঙনের মুখে প্রায় আড়াই লাখ বস্তা ফেলা হয়েছে; আরও ৩৪ হাজার ফেলা হবে।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বইলিশার সোনাডুগিতে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে আর বস্তা বরাদ্দ না হলেও ডিসেম্বরে সাড়ে ৩ কিলোমিটার ভাঙনের মুখে ২৮০ কোটি টাকার ব্লক ফেলার কাজ শুরু হবে। তবে টাকার সংকট রয়েছে।