প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই না দেশে একসঙ্গে ৫০০ জায়গায় বোমা ফাটুক। আমরা চাই না সন্ত্রাস-জঙ্গিবাদ ফিরে আসুক। দেশে আবার বাংলাভাই সৃষ্টি হোক, আমরা তা চাই না।’ গতকাল শুক্রবার গণভবনে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় নির্যাতন করেছে। কেউ প্রতিবাদ করতে পারেনি। তিনি বলেন, ‘২০০১-এর নির্বাচন-পরবর্তী দুঃসময় আবার ফিরে আসুক, তা আর চাই না।’ প্রধানমন্ত্রী বলেন, জোট সরকারের পাঁচ বছরে ছিল দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস। আর তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে ছিল শুধুই আতঙ্ক। মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রমুখ উপস্থিত ছিলেন।