বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও ১৯৭৫ সালের একদলীয় বাকশালের পথে হাঁটছে আওয়ামী লীগ। একদলীয় শাসনব্যবস্থায় ফিরিয়ে নিতে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা।গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। নরসিংদীর পলাশে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসে বিএনপির আলোচনা সভায় হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ওই সভায় উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় সাংসদ আনোয়ারুল আশরাফ খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা ইয়াসমিনের নেতৃত্বে সভায় হামলা চালায়। আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, চায়নিজ কুড়াল ও ড্যাগার নিয়ে আক্রমণ করা হয়। তাঁর দাবি, হামলায় ছাত্রদলের নেতা আরিফুর রহমান, ফারুকসহ ৩০ জন আহত হন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ফখরুল বলেন, প্রথম দফায় আলোচনার শুরুতে আকস্মিক হামলা চালিয়ে শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। নেতা-কর্মীদের বাধার মুখে তারা পালিয়ে যায়। ঘণ্টা খানেক পর সভাস্থলে বিপুলসংখ্যক পুলিশ এবং ইউএনও হাজির হন। এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে। এই আক্রমণে মূল ভূমিকা পালন করেন সাংসদের মেয়ের জামাই। এ সময় চারটি মোটরসাইকেল ও তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।তিনি বলেন, বিরোধী দলের সভা-সমাবেশে হামলা করে উল্টো মামলা দেওয়া হচ্ছে। এসব প্রমাণ করে সরকার ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ রাখবে না।এ ঘটনায় বিএনপি মামলা করেছে কি না? জানতে চাইলে আবদুল মঈন খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্ত্র উঁচিয়ে ছাত্রলীগ হামলা চালায়। এসব ছবি পত্রপত্রিকায় এসেছে। পরে দেখা গেছে, উল্টো তারাই মামলা করেছে। পলাশেও তাই হয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।