
ফেব্রুয়ারির বিদায়ের সঙ্গে সাঙ্গ হলো অমর একুশের গ্রন্থমেলা। মাসজুড়ে অগণিত মানুষের পদচারণে মুখরিত উদ্যানে নেমে আসবে মৌন। উদাস দুপুর, পড়ন্ত বিকেলে হয়তো শোনা যাবে চৈত্রের ঝরাপাতার বিষণ্ন মর্মর ধ্বনি।
এবারের মেলা হলো দেশে বিরাজমান এক বিরুদ্ধ পরিবেশে। তা সত্ত্বেও প্রতিদিন মেলায় লোকসমাগম হয়েছে প্রচুর। নতুন বই প্রকাশিত হয়েছে আগের তুলনায় বেশি। যদিও প্রকাশকেরা বিক্রি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি, তবু মেলার শেষে বিক্রির পরিমাণ টাকার অঙ্কে গত বছরকে ছাড়িয়ে গেছে। মেলার পরিসরও বেড়েছিল। উদ্যানের অংশে স্টলের পাশাপাশি এবার প্রথমবারের মতো প্যাভিলিয়ন করা হয়েছিল ১১টি।
বেদনাদায়ক ঘটনা ঘটেছে শেষ প্রান্তে এসে। গত ২৬ ফেব্রুয়ারি রাতে মেলা থেকে ফেরার পথে লেখক অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। স্ত্রী প্রাণে রক্ষা পেলেও অভিজিৎ নিহত হয়েছেন। অন্যদিকে নীতিমালা ভঙ্গের জন্য দু-একটি প্রকাশনার স্টলও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া বই নিয়ে লেখক-পাঠক-প্রকাশকদের যে প্রাণপ্রাচুর্যে ভরা উৎসব, সেই ছবিটি অম্লান থেকেছে মেলার শেষ দিনেও।

বই প্রকাশিত হলো ৩৭০০: একাডেমির তথ্যকেন্দ্রের হিসাবে, এবার নতুন বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭০০টি। গত বছর প্রকাশিত হয়েছিল ২ হাজার ৯৫৯টি। এর মধ্যে কবিতার বই শীর্ষে ৮৭৭টি, উপন্যাস ৬২৯, গল্প ৫৭৪, প্রবন্ধ ২০২, গবেষণা ১১৯, ছড়া ১৩৭, শিশুতোষ ৯৪, জীবনী ৯০ ও মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রকাশিত হয়েছে ৫৩টি। শেষ দিনেও নতুন বই এসেছে ১২৫টি।
বিক্রি হয়েছে ২২ কোটি টাকার: একাডেমির জরিপ অনুসারে এবারে বিক্রি হয়েছে ২১ কোটি ৯৫ লাখ টাকার বই। গতবারের বিক্রি ছিল সাড়ে ১৬ কোটি টাকা।
প্রথমায় শেষ দিনেও নতুন বই: মেলার শেষ দিনেও নতুন বই এসেছে প্রথমার স্টলে। গতকাল শনিবার এসেছে মুনীর চৌধুরী লিলি চৌধুরীর দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর বইটি।
সমাপনী অনুষ্ঠান: সন্ধ্যায় মেলামঞ্চে ছিল সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রতিবেদন উপস্থাপন করেন
মেলা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ, সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে লোখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে নিন্দা ও বেদনা প্রকাশ করা হয়।
নানা পুরস্কার: মেলার সমাপনী অনুষ্ঠানে এবারের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্দনিক অঙ্গসজ্জায় প্যাভিলিয়ন বিভাগে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ও স্টল বিভাগে প্রথমা প্রকাশন এবং জ্যার্নিম্যান বুকসকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হয়। এ ছাড়া ২০১৪ সালে সর্বাধিক সংখ্যক মানসম্মত গ্রন্থ প্রকাশের জন্য মাওলা ব্রাদার্সকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’, মুর্তজা বশীরের আমার জীবন ও অন্যান্য গ্রন্থ প্রকাশের জন্য বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেডকে, রবীন্দ্রসমগ্র-এর জন্য পাঠক সমাবেশকে ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’, সর্বাধিক সংখ্যক গুণমানসম্মত শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য সময় প্রকাশনকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ দেওয়া হয়। এ ছাড়া প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় অবদান রাখায় কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান এবং লেখক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবালকে বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার প্রদান করা হয়।
মেলা শেষ হলো। আগামী ফেব্রুয়ারিতে যথারীতি আবার বাজবে বই উৎসবের সানাই। সেই প্রত্যাশায় মেলাকে বিদায় জানালেন লেখক-পাঠক আর প্রকাশকেরা। তবে নিশ্চয়ই শেষ হবে না বইয়ের প্রতি পাঠকের অনুরাগ।