আবার বাল্যবিবাহের চেষ্টা এবার ১৫ দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ৫৫ বছরের এক ব্যক্তির বিয়ে ঠেকালেন ভ্রাম্যমাণ আদালত। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম গতকাল শনিবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সপ্তম শ্রেণির ছাত্রীকে বিয়ের চেষ্টার দায়ে মোহাম্মদ রফিক (৫৫) নামের ওই ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ওই ছাত্রী ও তাঁর মাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর রফিকের সঙ্গে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছিল। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত রফিক ও ছাত্রীর বাবা-মাকে মোট তিন হাজার টাকা জরিমানা করেছিলেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রাউজান উপজেলার নোয়াপাড়ার কচুখাইন গ্রামের প্রবাসী মোহাম্মদ রফিকের স্ত্রী ও তিন ছেলেমেয়ে আছে। এরপরও তাঁর সঙ্গে বোয়ালখালীর একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠিক হয়। বিয়ে দেওয়ার জন্য গত শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীকে বোয়ালখালী থেকে চট্টগ্রাম শহরতলির মোহরায় রফিকের বড় ভাইয়ের বাসায় নেওয়া হয়। খবর পেয়ে রফিকের স্ত্রী চান্দগাঁও থানার পুলিশকে খবর দেন। পুলিশ মোহরার ওই বাসায় অভিযান চালিয়ে রফিকসহ ওই ছাত্রীকে আটক করে। শুক্রবার রাতে তাদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘গত ১৭ অক্টোবর রফিকের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। আমরা ওই সময় রফিক ও ছাত্রীটির বাবা-মাকে জরিমানা করে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় দফায় আবার বিয়ের আয়োজন করায় রফিককে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করি। এ ছাড়া ওই ছাত্রী ও তার মাকেও এক হাজার টাকা করে জরিমানা করেছি।’