আবার বিদ্যালয়ে যাচ্ছে মেয়েটি
পিরোজপুর সদর উপজেলায় নবম শ্রেণির সেই ছাত্রী (১৪) আবার বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে। এক বখাটে মেয়েটিকে অ্যাসিড ছোড়ার ভয় দেখালে সে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।
এ ঘটনায় প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর মেয়েটিকে সহযোগিতার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন ও ব্র্যাক।
পরিবারের লোকজন জানান, সদর উপজেলার টোনা ইউনিয়নের সবুজ হাওলাদার (১৭) দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। গত ২৫ অক্টোবর সে মেয়েটিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অ্যাসিড ছোড়ার হুমকি দেয়। এরপর মেয়েটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিলে ৪ নভেম্বর প্রথম আলোয় ‘বখাটের ভয়ে মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি জানতে পেরে ব্র্যাকের পিরোজপুর কার্যালয়ের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাসুদ রেজার সহযোগিতায় মেয়েটির মা বাদী হয়ে ৫ নভেম্বর সবুজ ও তার বাবা কালামের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই দিনই পুলিশ কালামকে গ্রেপ্তার করে। তবে মামলার পরই সবুজ গা ঢাকা দেয়।
মেয়েটি বলে, ‘সবুজের ভয়ে আমি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিই। প্রথম আলোয় খবর প্রকাশের পর আমার সঙ্গে ব্র্যাক ও পুলিশের কর্মকর্তারা কথা বলে নির্ভয়ে বিদ্যালয়ে যেতে সহযোগিতার আশ্বাস দেন। গত শনিবার থেকে আমি বিদ্যালয় যাচ্ছি।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, ‘আমরা বখাটে সবুজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। মেয়েটিকে ডেকে বিদ্যালয়ে যেতে অভয় দিয়েছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির বলেন, ‘জেএসসি পরীক্ষার সময় বিদ্যালয় বন্ধ ছিল। বন্ধের পর মেয়েটি শনিবার থেকে বিদ্যালয়ে আসছে। আমরা নিয়মিত ওর খোঁজ-খবর নিচ্ছি।’