শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকদের অতিরিক্ত বিল করার অভিযোগ পাওয়া গেছে। মিটার দেখে বিল সংশোধনের জন্য অর্ধশতাধিক গ্রাহক বিদ্যুৎ বিভাগের উপজেলা আবাসিক প্রকৌশলীর (আরই) কাছে গত ২৪ আগস্ট লিখিত আবেদন করেছেন।
আরইয়ের কার্যালয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, এই কার্যালয়ে দীর্ঘদিন ধরে মিটার রিডার পদ শূন্য রয়েছে। উপজেলায় ৮ হাজার ২০০ গ্রাহকের বিপরীতে মাস্টাররোলে পাঁচজন মিটার রিডারের কাজ করেন। তিন মাস ধরে উপজেলার রাজনগর, বাঘবেড় ও কলসপাড় ইউনিয়নের শতাধিক গ্রাহকের মিটার না দেখে মনগড়া বিল করা হচ্ছে। গ্রাহকদের পক্ষ থেকে বিষয়টি একাধিকবার আরইকে জানিয়েও কোনো কাজ হয়নি। বৃহস্পতিবার তিনটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাহক অতিরিক্ত বিলের কপি নিয়ে আরইয়ের কার্যালয়ে উপস্থিত হন। পরে তাঁরা বিষয়টির দ্রুত স্থায়ী সমাধানের জন্য আরইয়ের কাছে লিখিত আবেদন করেন।
এ বিষয়ে আরই ইয়াহিয়া খান বলেন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে রিডিং ও মিটার নম্বর সংগ্রহ করার কাজ চলছে। পরে বিষয়টি দেখে জেলা বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো হবে।
কালিনগর গ্রামের মো. আবু বক্কর বলেন, ‘দুইটা ফ্যান, তিনটা বাতি জ্বালাই। আগে বিল আসত ৪০০ টাকার মতো। জুনে বিল দিছে ৯ হাজার টাকা। জুলাই মাসে ১০ হাজার ৮১৫ টাকা বিল করেছে। মিটার না দেখে তারা মনগড়া বিল দিয়েছে। এর প্রতিকার চেয়ে লিখিতভাবে আরইর কাছে আবেদন করেছি।’
ডহরিয়াপাড়া গ্রামের অটোরিকশাচালক ওহাব আলী বলেন, ‘দুই ঘরে সাতটা বাতি, তিনটা ফ্যান, দুইটা টিভি চালাই। এতে সাধারণত ৭০০-৮০০ টাকা বিল অইত। জুনে বিল করেছে ৩ হাজার ৯২২ টাকা। আমরা গরিব মানুষ এত টেহা পরিশোধ করমু কেমনে। তাই বিল সংশোধন করবার লাইগা সবাই মিইলা লিখিত দিছি।’
অতিরিক্ত বা মনগড়া বিল করার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য তিনটি ইউনিয়নের মিটার রিডারের দায়িত্বে থাকা ইসরাফিল মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
অতিরিক্ত বিল করার অভিযোগের বিষয়ে গত ১৮ জুলাই উপজেলার যোগানিয়া ইউনিয়নের দুই শতাধিক গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছিলেন।