আবার বিলবোর্ড উচ্ছেদ শুরু

চট্টগ্রাম নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদে আবারও মাঠে নেমেছে পুলিশ। নতুন বছরের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করায় রিফাত নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল চট্টগ্রাম মহানগর পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নগরে স্থাপিত অবৈধ সব বিলবোর্ড কাল শনিবারের মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় পরদিন থেকে বিলবোর্ড স্থাপনকারী মালিকদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নগর পুলিশ সূত্রে জানা গেছে, গতকালের অভিযানে নেতৃত্ব দেন নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল। নগরের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অভিযানে নগরের ওয়াসা মোড় থেকে একটি ও জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা মার্কেটের সামনে থেকে একটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। ওয়াসা মোড়ের বিলবোর্ডের মালিক নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়ার ছোট ভাই সরোজ বড়ুয়া। আর জিইসি মোড়ের বিলবোর্ডটি স্কাই আর্ট নামের একটি প্রতিষ্ঠানের।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান বলেন, মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে। কারিগরি সীমাবদ্ধতার কারণে প্রথম দিন দুটি বিলবোর্ড উচ্ছেদ করা সম্ভব হয়েছে। কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, সরোজ বড়ুয়া নামের এক ব্যক্তি নগরের ওয়াসা মোড়ের ফুটপাতে অবৈধ বিলবোর্ড স্থাপন করে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করেছেন। তাই তাঁকে গ্রেপ্তারের জন্য নগরের আগ্রাবাদে অবস্থিত তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। আর উচ্ছেদের সময় বাধা দেওয়ায় তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।