আবার বেজে উঠেছে ১১৮টি মাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একযোগে বেজে উঠল ১১৮টি মাইক। বিকট শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। কোন মাইকে কী বলা হচ্ছে, বোঝার উপায় নেই। তবে এটুকু বোঝা যায়, কোনো প্রার্থীর প্রচার উর্দুতে আবার কারও প্রচার বাংলায় হচ্ছে। আইনি বাধা দূর হওয়ার পর নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার এই আবহের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রমতে, মিশ্রভাষীর শহর সৈয়দপুরে ৭০ হাজার ৭০৬ জন ভোটারের মধ্যে প্রায় ৩০ হাজার ভোটার আটকে পড়া পাকিস্তানি। তাঁদের মধ্যে ১২ হাজার ৯৫৭ জন ক্যাম্পে বাস করেন। এই ক্যাম্পবাসী ভোটারদের বৈধতা চ্যালেঞ্জ করে ২ জানুয়ারি আইনজীবী আরিফুন নাহার হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে এর কারণ দর্শাতে বলে সৈয়দপুর পৌরসভার নির্বাচন এক মাস স্থগিত করার আদেশ দেন। হতাশা দেখা দেয় প্রার্থী ও ভোটারদের মধ্যে। গত বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি চার সপ্তাহের জন্য আদেশটি স্থগিত করেন। এরপর গতকাল থেকে প্রার্থীদের মধ্যে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।সৈয়দপুর পৌরসভায় এবার মেয়র পদে সাতজন প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে আছেন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র আখতার হোসেন, জাতীয় পার্টি সমর্থিত সিদ্দিকুল আলম, বিএনপি সমর্থিত আমজাদ হোসেন সরকার। শেষের জন সাবেক সাংসদ। একই দলের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আকতারও প্রার্থী হয়েছেন। ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৮৫ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ২৬ জন। সব মিলিয়ে ১১৮ জন প্রার্থীর প্রচারণার মাইকের শব্দে সরগরম এখন সৈয়দপুর।সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলম প্রথম আলোকে জানান, মহামান্য হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। তাই চলমান তফসিলে অর্থাৎ ১২ জানুয়ারি নির্বাচন হতে বাধা নেই।