আবার বেড়েছে লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আবার লোডশেডিং বেড়েছে। গতকাল মঙ্গলবার দিনে রাজধানী ঢাকায় এলাকাভেদে তিন থেকে চারবার লোডশেডিং হয়েছে। সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে হয়েছে আরও দু-তিনবার।
চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতি সবচেয়ে খারাপ। গ্যাসের অভাবে সেখানকার চারটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। খুলনা, বগুড়া, দিনাজপুর ও বরিশালেও ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ আগস্ট গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লোডশেডিং কিছুটা বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। তিনি অবশ্য তা বলেছিলেন অতীতের অসহনীয় লোডশেডিং দেশবাসী যাতে ভুলে না যায় এবং তাঁর সরকারের আমলে সাড়ে তিন হাজার মেগাওয়াটেরও বেশি নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার কথা যাতে মনে করে সে জন্য। প্রধানমন্ত্রীর সেদিনের কথায় ইঙ্গিত ছিল দৈনিক দুই থেকে তিনবার লোডশেডিংয়ের। কিন্তু গত কয়েক দিনে শহরাঞ্চলে লোডশেডিং হচ্ছে তার দ্বিগুণ। গ্রামাঞ্চলের অবস্থা আরও খারাপ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক গ্যাস দেওয়া হয়েছে সর্বোচ্চ প্রায় ১০০ কোটি ঘনফুট। কিন্তু গত কয়েক দিন ধরে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৮৫ কোটি ঘনফুট।
পিডিবির হিসাবেই গতকাল বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান ছিল প্রায় দেড় হাজার মেগাওয়াট। তবে এই হিসাবে কিছু গরমিল আছে। পিডিবি গতকাল সর্বোচ্চ চাহিদা ধরেছে ছয় হাজার ৭০০ মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্য ধরেছে পাঁচ হাজার ৭৫০ মেগাওয়াট। কিন্তু প্রকৃত চাহিদা এখন সাত হাজার মেগাওয়াটেরও বেশি। এ ছাড়া উৎপাদিত বিদ্যুতের প্রায় ১০ শতাংশ ব্যবহূত হয় বিদ্যুৎকেন্দ্রগুলোতেই (অক্সিলারি)।
বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট। গ্যাসের উৎপাদনক্ষমতা বেড়েছে প্রায় ৬০ কোটি ঘনফুট।