বিচার বিভাগ নিয়ে করা মন্তব্যের বিষয়ে আবার ব্যাখ্যা দিতে হবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। গতকাল বৃহস্পতিবার তাঁর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে গতকাল ফখরুলের ব্যাখ্যা জমা দেন তাঁর আইনজীবী জয়নুল আবেদীন। এতে বলা হয়, বিচার বিভাগকে হেয় করে বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য মির্জা ফখরুলের ছিল না। সরল বিশ্বাসে সাবেক একজন বিচারপতির বক্তব্যকে উদ্ধৃত করে তিনি ওই বক্তব্য দিয়েছেন। বিচার বিভাগের প্রতি তাঁর আস্থা আছে।
একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা রাজনীতি করেন আপত্তি নেই। কিন্তু রাজনীতির মধ্যে বিচার বিভাগকে টেনে আনবেন না। রাজনীতিবিদ হিসেবে আপনাদের বিচার বিভাগ নিয়ে কোনো ধরনের কটাক্ষ করা উচিত নয়। আপনারা বিচার বিভাগ নিয়ে কটাক্ষ করলে আমরা আঘাত পাই।’
শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা দুটি পত্রিকার খবর জমা দিয়ে বলেন, দুটি পত্রিকায় মির্জা ফখরুলের বক্তব্য দুভাবে এসেছে। এ ব্যাপারে তাঁর কোনো ব্যাখ্যা হলফনামায় নেই।
পরে প্রধান বিচারপতি বলেন, ‘বিষয়টি হালকাভাবে নিলে হবে না। আপনারা যে হলফনামা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট নই। বিভিন্ন পত্রিকায় যে বক্তব্য এসেছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা হলফনামা আকারে দাখিল করুন।’ এ বিষয়ে শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি পরবর্তী দিন নির্ধারণ করেন আদালত।
৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মির্জা ফখরুলের এ বক্তব্যের বিষয়ে ১৮ ফেব্রুয়ারি লিখিত ব্যাখ্যা চান আপিল বিভাগ।