আবার ভাঙল খেলাফত আন্দোলন
ধর্মভিত্তিক পুরোনো রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন আবারও দুই ভাগ হলো। গতকাল বৃহস্পতিবার মাওলানা জাফরুল্লাহ খানকে আমির ও মুহিব্বুল্লাহ আশরাফকে মহাসচিব করে দলের একাংশ ৪০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে।
পুরানা পল্টনে এক রেস্তোরাঁয় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। আবু জাফর কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে মুফতি শামসুল হক, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মুহাম্মদ আজম খান, মুহাম্মদ হোসাইন আকন্দ, নুরুল ইসলাম খান, কাজী মাসুদ আহমেদ, আবুল কাশেম কাশেমী প্রমুখ বক্তব্য দেন।
প্রয়াত মাওলানা হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলনের আরেকাংশের আমির তাঁর ছোট ছেলে শাহ আতাউল্লাহ। মহাসচিব তাঁর ভাতিজা হাবিবুল্লাহ মিয়াজী। গতকাল হাবিবুল্লাহ মিয়াজীর আরেক ভাই মহিব্বুল্লাহ আশরাফ খেলাফত আন্দোলনের নতুন কমিটির মহাসচিব হন। এর আমির জাফরুল্লাহ খান আগে খেলাফতের মহাসচিব ছিলেন। আতাউল্লাহর নেতৃত্বাধীন অংশ গত রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, জাফরুল্লাহ খান ও মহিব্বুল্লাহ আশরাফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
এর আগে একবার হাফেজ্জী হুজুরের দুই ছেলে শাহ আহমদুল্লাহ আশরাফ ও হামিদুল্লার দ্বন্দ্বে খেলাফত আন্দোলন দুই ভাগ হয়েছিল। এবার দলটি ভাঙল হাফেজ্জী হুজুরের দুই নাতির দ্বন্দ্বে।