আবার ভাপসা গরম
সারা দেশে আবার ভাপসা গরম পড়েছে। বৃষ্টি কম হওয়ায় দেশের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা বেড়েছে। তবে এর মধ্যে ব্যতিক্রম সিলেট। সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপ রেকর্ড করা হয়েছে। ঢাকায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ ছাড়া রংপুরে ৩৪, সন্দ্বীপে ২৫, রাজশাহীতে ২৪, বগুড়ায় ১৭, সৈয়দপুরে ১০ ও ময়মনসিংহে পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় একেবারে বৃষ্টি হয়নি।
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূলের দিকে অগ্রসর হয়েছে।
আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।