আবার মহাসড়কে নছিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় পাবনা-বগুড়া মহাসড়ক থেকে উধাও হয়ে যাওয়া নছিমন-করিমন আবারও ফিরতে শুরু করেছে৷ গতকাল শুক্রবার সকাল থেকে মহাসড়কে বেশ কিছু নছিমন-করিমন চলতে দেখা গেছে৷
নছিমন-করিমন, ভটভটি, পাওয়ার টিলার, ট্রাক্টরসহ সব অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ছয় দাবিতে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ২৫ মে থেকে পরিবহন ধর্মঘট পালন করে৷ পরে তাদের সঙ্গে রংপুর বিভাগ ঐক্য পরিষদও ধর্মঘট শুরু করে৷ দুদিন পর ২৭ মে ধর্মঘট স্থগিত করা হয়৷ পরিবহনশ্রমিকদের হামলার ভয়ে ধর্মঘট ডাকার দু-এক দিন আগে থেকে বৃহস্পতিবার পর্যন্ত নছিমন-করিমনের চলাচল বন্ধ ছিল৷
এ প্রসঙ্গে গতকাল দুপুর ১২টার দিকে বেড়া বাসস্ট্যান্ডে কথা হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেলন্দা গ্রামের নছিমনচালক আসাদুলের সঙ্গে৷ যাত্রী ও মালামাল নিয়ে শাহজাদপুরের কৈজুরি এলাকায় যাচ্ছিলেন তিনি৷ বললেন, ‘দুই এনজিওর থ্যা মাস চারেক আগে দুই লাখ টাকা ঋণ নিয়্যা এই নছিমনখান কিনছি৷ একদিকে প্যাটে খিদ্যা, আরেকদিকে কিস্তি শোধের চাপ৷ তাই বাধ্য হয়া গাড়ি নিয়্যা বারাইছি৷’
খোঁজ নিয়ে জানা যায়, বেড়া ও সাঁথিয়া উপজেলায় পাঁচ হাজারের বেশি নছিমন-করিমন রয়েছে৷ অবৈধ এ যানবাহনের কারণে সড়ক-মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা৷ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের মতে, নছিমন-করিমনের কারণে সড়ক দুর্ঘটনায় গত ১৫ বছরে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে৷
সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুই উপজেলার অভ্যন্তরীণ সড়কে আগের মতোই দেদার নছিমন-করিমন চলছে৷ তবে মহাসড়কে চলছে খুব কম৷ বেড়া বাসস্ট্যান্ডে বেলা ১১টার দিকে চার-পাঁচটি নছিমন-করিমনকে মালপত্র ও যাত্রী নিয়ে মহাসড়ক দিয়ে চলতে দেখা যায়৷ ধর্মঘটের আগে এ স্থানে দিনের বেশির ভাগ সময় শতাধিক নছিমন-করিমনের ভিড় দেখা যেত৷
অবশ্য অভ্যন্তরীণ সড়কে যাতায়াতের জন্য বেড়া বাসস্ট্যান্ডে ২৫ থেকে ৩০টি নছিমন-করিমনকে দেখা যায়৷ সিরিয়াল অনুযায়ী যাত্রী ও মালামাল ওঠামাত্রই এগুলো চলে যাচ্ছিল৷ আবার একইভাবে যাত্রী ও মালামাল নিয়ে বিভিন্ন স্থান থেকে একের পর এক নছিমন-করিমন আসছিল৷
এদিকে নছিমন-করিমনের চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার কয়েক শ নছিমন-করিমনচালক বেড়া পৌর এলাকায় বিক্ষোভ করেন৷ পরে পুলিশের পক্ষ থেকে শুধু অভ্যন্তরীণ সড়কে চলাচলের মৌখিক অনুমতি দেওয়া হয়৷
বেড়ার নাকালিয়া গ্রামের নছিমনচালক বাবু মিয়া বলেন, ‘এক সপ্তাহের বেশি সময় গাড়ি চালাইব্যার পারি না৷ এতে আমাগরে প্যাটে ভাত নাই৷ সরকার আমাগরে বিকল্প কাজের ব্যবস্থা কইর্যা দিক৷’
সাঁথিয়ার সোনাতলা গ্রামের করিমনচালক সিরাজুল বলেন, ‘এর আগে বারবার নছিমন-করিমন বন্ধ হলিউ কয়েক দিনের মধ্যে আবার চালু হইছে৷ এবারও কয়েক দিন পর হয়তো চালু হবি, কিন্তু মধ্যের থ্যা আমাগরে আয়-রোজগারের ক্ষতি হবি৷’
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, ‘মহাসড়কে কোনোমতেই নছিমন-করিমন চলতে দেওয়া হবে না৷ আমার জানামতে, এগুলোর একটিও মহাসড়কে আর চলছে না৷ তবে অভ্যন্তরীণ সড়কে এগুলোকে বাধা দেওয়া হচ্ছে না৷’