আবার মেছো বাঘ ধরা পড়ল বড়লেখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক সপ্তাহের ব্যবধানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আরও একটি মেছো বাঘ আটক করেছে স্থানীয় লোকজন। গত শুক্রবার রাতে উপজেলার চান্দেরগুল গ্রামে খাবারের সন্ধানে এসে মেছোবাঘটি খাঁচার ফাঁদে ধরা পড়ে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত প্রায় পাঁচ-ছয় মাস ধরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ওই গ্রামের ছাগল ধরে বনের ভেতর নিয়ে যায় মেছো বাঘ। অনেক দিন ধরেই এলাকাবাসী মেছো বাঘটিকে আটক করার চেষ্টা করছেন। গত শুক্রবার একটি জীবিত ছাগল খাঁচায় রেখে ফাঁদ পাতা হয়। রাত ১০টার দিকে মেছো বাঘটি ছাগল খেতে এসে খাঁচায় আটকা পড়ে। চান্দেরগুল গ্রামের মুজম্মিল আলী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বাঘে ছাগলই বেশি খায়। ছাগল ধরে বনে নিয়ে যায়। কোনো খোঁজই মিলে না।’ মুজম্মিল আলী জানান, মেছো বাঘটি ধরা পড়ার খবর বড়লেখা থানা ও বন বিভাগকে জানানো হয়। তবে গ্রামের সবাই দেখতে চায় বলে বন বিভাগের লোক নিতে এলেও তাঁদের পরে আসতে বলে ফিরিয়ে দেওয়া হয়। প্রাণীটি সুস্থ আছে। মোরগ খেতে দিলে খেয়েছে।সহকারী বন সংরক্ষক মো. মিজানুর রহমান গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘গতকাল আমাদের লোকজন গিয়েছিল। তখন তারা দিতে চায়নি। আজ (রোববার) আবার লোক পাঠাবো। তারা মেছো বাঘটি দিলেই তাকে পার্শ্ববর্তী বনে ছেড়ে দেওয়া হবে।’এর আগে গত ২৬ জানুয়ারি বড়লেখা উপজেলার ঘোলসা গ্রামের জুবের আহমদের মুরগি খামারে এসে ধরা পড়ে একটি মেছো বাঘ। পরে সেটিকে মাধবকুণ্ড ইকোপার্কের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তার আগের দিনই একই উপজেলার মাধবছড়া বনবিট সংলগ্ন পানিধার এলাকায় একটি মায়া হরিণ ধরা পড়ে। হরিণটিকেও জঙ্গলে ছেড়ে দিয়ে আসে বন বিভাগ। বিশেষজ্ঞরা বলে থাকেন, বিভিন্ন কারণে বন ধ্বংসের ফলে বন্য প্রাণীর আবাসস্থল কমে যাওয়া ও খাদ্যসংকটের কারণে প্রাণীদের লোকালয়ে চলে আসার ঘটনা বাড়ছে।