আবার ময়নাতদন্তের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক শামারুখ মাহজাবিনের লাশের দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করার আদেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। গতকাল মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত সোমবার চিকিৎসক শামারুখের বাবা নুরুল ইসলাম তাঁর মেয়ের লাশের দ্বিতীয় দফায় ময়নাতন্তের জন্য ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের করা ময়নাতদন্ত প্রতিবেদন পক্ষপাতমূলক। শামারুখের হত্যা মামলার সঠিক বিচারের স্বার্থে যশোর শহরের কবরস্থান থেকে লাশ তুলে দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তিনি আদালতে আবেদন করেন।
গতকাল মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা আবেদনের শুনানি শেষে যশোর শহরের কারবালা করবস্থান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ১৮ ডিসেম্বরের মধ্যে লাশ উত্তোলন করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত যশোরের সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে সেখানকার সরকারি হাসপাতালে শামারুখের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন।
গত ১৩ নভেম্বর ধানমন্ডির শ্বশুরের বাসায় চিকিৎসক শামারুখ মাহজাবিনের রহস্যজনক মৃত্যু হয়। ওই দিন রাতে শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম বাদী হয়ে শামারুখের শ্বশুর যশোর-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী এবং শামারুখের স্বামী হুমায়ুন সুলতানকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া হুমায়ুন সুলতান কারাগারে আছেন। খান টিপু ও তাঁর স্ত্রী হাইকোর্ট থেকে আগাম জামিনে আছেন।
১৪ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে শামারুখের লাশ যশোর শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়। গত রোববার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে শামারুখের মৃত্যু আত্মহত্যাজনিত বলে উল্লেখ করে ধানমন্ডি থানায় ময়নাতদন্তের প্রতিবেদন পাঠানো হয়।