আবার যুক্তিতর্ক শুনানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার আদেশ প্রত্যাহার করে আবার যুক্তিতর্ক শুনানির জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে চলমান এ মামলার গতকাল রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু রায়ের তারিখ ঘোষণার পর বিচারক পরিবর্তন করা হয়। নতুন বিচারক খন্দকার হাসান মাহমুদ ফিরোজ গতকাল নতুন করে যুক্তিতর্ক শুনানি এবং একজন আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এ বিষয়ে জানতে চাইলে সরকারপক্ষের কৌঁসুলি আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, গত ২৯ জানুয়ারি এই আদালতের বিচারক রদবদল হয়। গতকালের আদেশ অনুযায়ী, বর্তমান বিচারকের সামনে এ মামলার এজাহার, অভিযোগপত্র ও সাক্ষীদের জবানবন্দি নতুন করে উপস্থাপন করতে হবে। আসামিপক্ষকে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক খণ্ডন করে তাঁদের বক্তব্য উপস্থাপন করতে হবে। তা শেষ হওয়ার পর আদালত রায়ের তারিখ ধার্য করবেন।
১৯ বছর ধরে চলা আলোচিত এ মামলার রায় ঘোষণার তারিখ থাকায় গতকাল সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী এজলাস চত্বরে গণমাধ্যমকর্মীরা জড়ো হন। বেলা সোয়া ১১টার দিকে প্রধান আসামি এইচ এম এরশাদ দলীয় নেতা-কর্মীদের নিয়ে আদালতে হাজির হন। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা এরশাদের পক্ষে স্লোগানও দেন।
এ ছাড়া জামিনে থাকা আরও দুই আসামি লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ও মেজর (অব.) কাজী এমদাদুল হক আদালতে হাজির ছিলেন। বাকি দুই আসামি মেজর জেনারেল আবদুল লতিফ ও লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শামসের বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় তাঁরা আদালতে উপস্থিত হননি। এ দুজনের বিষয়ে স্থগিতাদেশ সম্পর্কে সর্বশেষ অবস্থা কী, তা আদালতকে অবহিত করার জন্য বিচারক আদেশ দিয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে বিচারক খন্দকার হাসান মাহমুদ এজলাসে ওঠেন। তিনি সরকার ও আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, আজ এই মামলায় রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। কিন্তু নথি পর্যালোচনা করে দেখা যাচ্ছে, আসামি কাজী এমদাদুল হকের ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারার (আত্মপক্ষ সমর্থনের) ফরম অসম্পূর্ণ রয়েছে। এ ফরমে মামলার এজাহার, অভিযোগপত্র এবং আসামি সম্পর্কে সাক্ষীরা কে কী বলেছেন, তা সঠিকভাবে লেখা হয়নি। তা ছাড়া এটি অনেক পুরোনো মামলা। তাই যুক্তিতর্ক শুনানির প্রয়োজনীয়তা রয়েছে। আদালত ন্যায়বিচারের স্বার্থে যুক্তিতর্ক শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) ছিলেন আবুল মঞ্জুর। তিনি স্ত্রী-সন্তান ও কয়েকজন অনুগত সেনা কর্মকর্তাকে নিয়ে ১ জুন সেনানিবাস ছেড়ে যান। ফটিকছড়ির একটি চা-বাগানের ভেতর এক বাড়িতে আশ্রয় নেন। ওই দিনই সেখান থেকে তাঁকে পুলিশ আটক করে। পরে ওই দিন রাতে হাটহাজারী থানার পুলিশ হেফাজত থেকে মঞ্জুরকে সেনা হেফাজতে নিয়ে হত্যা করা হয়।
এর ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই বছরের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।
অভিযোগ রয়েছে, প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির ভোট ও জোটের রাজনীতির কূটকৌশলের কারণে এরশাদের বিরুদ্ধে চলমান এ মামলা ১৯ বছর ধরে রাজনীতির ‘চক্করে’ ঘুরপাক খাচ্ছে। এ পর্যন্ত এ মামলার ২২ জন বিচারক পরিবর্তন হয়েছেন।
জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, এরশাদ ও তাঁর দলকে পক্ষে রাখতে আওয়ামী লীগ ও বিএনপি, যখন যে দলই ক্ষমতায় থাকে, তারা মামলাটিকে ‘ঘুঁটি’ হিসেবে ব্যবহার করে আসছে। ক্ষমতাসীন দলের সঙ্গে এরশাদের রাজনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করে চলছে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর গতি-প্রকৃতি।