সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় গার্মেন্টসের চার মালিককে আবার রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত এই আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর চার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত তাঁদের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন।গতকাল যাঁদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন তাঁরা হলেন আনিসুর রহমান, বজলুস সামাদ, আমিনুল ইসলাম ও মাহমুদুর রহমান। এর আগে এই চারজনকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নয়তলা রানা প্লাজা ধসে অন্তত এক হাজার ১৩০ জনের মৃত্যু হয়। আগের দিন ফাটল ধরার পরও ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে ভবন ও কারখানার মালিকদের বিরুদ্ধে।