রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরাকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বুধবার রাতে তাঁকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত।
পুলিশ জানায়, কুনিও হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে হুমায়ুনকে প্রথম দফায় ৫ অক্টোবর থেকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বুধবার সন্ধ্যার পর রংপুর বিচারিক আদালতে হুমায়ুনকে আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
আদালতে পুলিশের জেনারেল রেকর্ড কর্মকর্তা (জিআরও) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রথম দফায় জিজ্ঞাসাবাদে কোনো তথ্য মিলেছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।
গ্রেপ্তার আরেকজন রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবকেও ৫ অক্টোবর থেকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু ১০ অক্টোবর তাঁর রিমান্ড বাতিল করেন আদালত। তিনি বর্তমানে কারাগারে।
কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেন এখনো ছাড়া পাননি। হত্যাকাণ্ডের পর এই তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। ঘটনাস্থলে এখনো পুলিশের পাহারা অব্যাহত রয়েছে।
৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে অবস্থিত কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।