রাজধানীর রাস্তায় লেন মেনে গাড়ি চালাতে আবারও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এ জন্য কাল রোববার থেকে বিশেষ অভিযান শুরু হচ্ছে। গত বছরের ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়ে দেশে প্রথমবারের মতো কার্যকর লেন-ব্যবস্থা কিছুদিনের মধ্যেই শিথিল হয়ে পড়ে ব্যর্থতায় পর্যবসিত হয়।গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার এ কে এম শহীদুল হক নতুন উদ্যোগের ঘোষণা দেন।এবারের উদ্যোগে শাস্তির মাত্রা বাড়ানো হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় থাকবে থানার পুলিশও।যানবাহন নিয়ন্ত্রণে গত বছরের ডিসেম্বরে ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে রাজধানীতে অভিযান শুরু করেছিল পুলিশ। তখন বিভিন্ন ধরনের যানবাহনের জন্য পৃথক লেন চালু করা হয়েছিল। সিগন্যাল বাতি মেনে চলার বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই অভিযান শিথিল হয়ে আসে। চালক-পুলিশরাও ভুলে যান লেন পদ্ধতি, স্বয়ংক্রিয় বাতির জায়গায় ফিরে আসে ট্রাফিকের হাত। কমিশনারের ভাষায়, ‘রাস্তা থেকে অপরাধ বিভাগের পুলিশ তুলে নেওয়ার পরই অভিযানে শিথিলতা নেমে আসে।’ কমিশনার নিজেও এ নিয়ে আক্ষেপ করে বললেন, ‘সবই পুরান কথা, কী আর বলব?’ তবে অচিরেই মহানগর ট্রাফিকে নতুন ৬৫০ জন কর্মী যোগ হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।শাস্তি বাড়ছে: সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের অভিযানের বিশেষত্ব হচ্ছে শাস্তির মাত্রা বৃদ্ধি। লেন, সিগন্যাল বা অন্য ট্রাফিক আইন ভঙ্গকারীদের ন্যূনতম এক হাজার টাকা জরিমানা ও তিন মাসের জন্য চালক লাইসেন্স স্থগিত রাখা হবে। নিয়মিত শাস্তির বিধানগুলো তো রয়েছেই।এবারের অভিযানে ঢাকার রাস্তায় থাকবে ১৩টি দল। একজন উপকমিশনারের নেতৃত্বে এসব দলে পরিবহন মালিক ও শ্রমিকদের তিনজন করে প্রতিনিধিও থাকবেন।আর রোজার সময় বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকায় যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নেবে পুলিশ। বিশেষ বিশেষ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত বা একমুখী করা হবে।বাতি নেই, লেন নেই তবুও আশা: সংবাদ সম্মেলনে কমিশনার আরও জানান, এখনো মহানগরের সব রাস্তায় লেন চিহ্নিত করা হয়নি। বিদ্যুৎ-বিভ্রাটের কারণে সিগন্যাল বাতিগুলোও ঠিকমতো কাজ করে না। প্রতিবার বিদ্যুৎ চলে গেলে সিগন্যাল বাতিগুলোকে নতুন করে প্রোগ্রাম করতে হয়। এই হয়রানি এড়াতে ট্রাফিক পুলিশ হাতের ইশারাতেই কাজ চালিয়ে যায়। এর মধ্যেই এবারের অভিযান সফল হবে বলে আশা প্রকাশ করেন কমিশনার।যে রাস্তায় এখনো লেন চিহ্নিত করা নেই, সেখানে আগের গাড়ির পেছনে সার বেঁধে গাড়ি চালানোর অনুরোধ করেন কমিশনার।কমিশনার বলেন, সিগন্যাল বাতির বিষয়টিও ডিসিসিকে জানানো হয়েছে। ডিসিসি তাদের বাতি সরবরাহকারী সংশ্লিষ্ট ঠিকাদারদের বিষয়টি বলেছে। ঠিকাদারেরা কোনো উদ্যোগ নিচ্ছেন না।অসহায় পুলিশ: পুলিশ কমিশনার জানান, আইন ভঙ্গের অপরাধে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত পৌনে পাঁচ লাখ যানবাহনের বিরুদ্ধে মামলা ও ২০ কোটি ৫৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই সময় প্রায় ১৯ হাজার গাড়ি আটক করা হয়। তবে স্থানাভাবে বেশির ভাগ গাড়িকেই মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চালক লাইসেন্স জব্দ করা হয় তিন হাজার ৬৮৬ জনের।কমিশনারের দেওয়া তথ্যমতে, ঢাকায় মোট যানবাহন চলে প্রায় ছয় লাখ। সে বিবেচনায় পুলিশের হিসাবেই রাজধানীর বেশির ভাগ যানবাহনই গত আট মাসে আইন ভঙ্গ করে শাস্তির মুখোমুখি হয়েছে। অসহায়ত্ব প্রকাশ করে কমিশনার বলেন, ‘৩ থেকে ৫ শতাংশ মানুষ (ট্রাফিক) আইন ভঙ্গ করতে পারে। কিন্তু শতভাগ লোকই যদি ভঙ্গ করে তাহলে পুলিশ কী করবে! পুলিশের পক্ষে তো এটা সামাল দেওয়া সম্ভব নয়।’রাস্তা দখল করে অবৈধ পার্কিং প্রসঙ্গে প্রশ্নের জবাবে কমিশনার বলেন, অবৈধভাবে পার্ক করলে সেগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে। কখনো রেকার দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে স্কুল সময়ে বা বিশেষ বিশেষ বাণিজ্যিক এলাকায় রাস্তা থেকে গাড়ি সরানো যায় না।