আবার শহীদ মিনারে আঘাত

কুষ্টিয়ায় আবার একটি শহীদ মিনারে আঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সকালে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ দৃশ্য দেখে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আবুল কাশেমকে থানায় নিয়ে গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, রাত ১২টা এক মিনিটে এলাকাবাসী শহীদ মিনারে ফুল দিয়ে চলে যায়। রাত একটার দিকে কে বা কারা মিনারের দুটি স্তম্ভের মাথার অংশ কিছুটা ভেঙে ফেলে। শহীদ মিনারের মাঝে থাকা লাল বৃত্তটিতে হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে।
সরেজমিনে দেখা যায়, স্কুলের প্রায় ৫০০ ছাত্রছাত্রী বিদ্যালয়ের প্রভাতফেরি করে সকাল ১০টার দিকে ভাঙা বেদিতেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের মাঠে মিছিল করে।
দশম শ্রেণীর শিক্ষার্থী রাহাত আরা জান্নাতুল ফেরদৌস বলে, ‘শহীদ মিনারে আঘাত করা মানে ভাষার ওপর আঘাত করা। তার পরও আমরা শহীদদের শ্রদ্ধা জানিয়েছি।’
গত বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৩ বছরের পুরোনো শহীদ মিনারের তিনটি স্তম্ভ ভেঙে দেয় দুর্বৃত্তরা। পাবনার চাটমোটর উপজেলার একটি শহীদ মিনারও একই রাতে ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় পুলিশ সামসুল হক নামে জামায়াতের এক কর্মীকে আটক করেছে।