গোলাম আযমের রায়ের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘গোলাম আযমের ফাঁসি হয় নাই। ৯০ বছরের জেল হয়েছে। কী জন্য, তোমরা কি জানো? আবার শাহবাগ। আবার আন্দোলন। আবার সেই ফাঁসির দাবি। বাংলাদেশের রাজনীতি সরল পথে চলে না।’ গতকাল সোমবার রংপুর পুলিশ হলে জেলা জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘৯৬ বছরের মানুষকে ৯০ বছরের জেল দিয়েছে। ভালো কথা, ফাঁসি দেয় নাই। কিন্তু আবার সেই আন্দোলন। আবার সেই অবস্থার পুনরাবৃত্তি। তাই একটা কথা বলি, এ দেশের রাজনীতি অত্যন্ত জটিল। এ জটিলতা দূর করতে হবে।’ মহাজোট ছাড়া না-ছাড়া প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি মহাজোট ছাড়লে এ মুহূর্তে কোথায় যাব? আর যদি ছেড়ে দিতে হয়, তাহলে এককভাবে আমাদের নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে আমাদের জয়ী হতে হবে। জেলা-উপজেলায় দলের কমিটি গঠন করুন। দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।’ জাতীয় পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী বক্তব্য দেন।