আবার শীত জেঁকে বসেছে উত্তরে
প্রায় এক সপ্তাহ পর গতকাল শনিবার সকাল থেকে পঞ্চগড় ও নীলফামারীতে আবার শীত জেঁকে বসেছে। সারা দিন সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশায় আকাশ ঢেকে ছিল। রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ে। কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছে রিকশা-ভ্যানচালকসহ দিনমজুর শ্রেণীর খেটে খাওয়া মানুষ।
পঞ্চগড়ে আবহাওয়া পরিমাপের ব্যবস্থা না থাকায় সঠিকভাবে তাপমাত্রা জানা যায়নি। তবে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যমতে, এখানে দিনে ৭ থেকে ৮ এবং রাতে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে।
সিভিল সার্জন মোজামেঞ্চল হক জানান, হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে। তিনি শিশু ও বয়স্ক লোকজনকে গরম কাপড় ব্যবহার, বাসি ও ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
জেলার দুই লাখ গরিব ও দুস্থ মানুষের জন্য সরকারিভাবে মাত্র সাড়ে সাত হাজার কম্বল বিলি করা হয়েছে। তবে রেড ক্রিসেন্ট সোসাইটি, বিজিবিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া গেছে।
নীলফামারীতে দুস্থ ও খেটে খাওয়া মানুষ শীতে জবুথবু হয়ে পড়েছে। কিন্তু জীবন ও জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করে অনেক কৃষিশ্রমিককে গতকাল সকালে মাঠে কাজ করতে দেখা গেছে। জেলা সদরের গোরগ্রাম এলাকার কৃষিশ্রমিক রমজান আলী (৩০) বলেন, ‘ঠান্ডার কারণে ঘর থেকে বের হওয়া যায় না। কিন্তু কাজ না করলে বাচ্চাকাচ্চা নিয়ে খাব কি? সে কারণে কাজ করতে হচ্ছে।’ এ ছাড়া জেলার স্বল্প আয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক জানান, শীতজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা হাসপাতালে চিকিৎসা নিতে আসছে।