আবার শুরু হচ্ছে লোহালিয়া সেতুর নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর পর পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর লোহালিয়া সেতুর নির্মাণকাজ আবার শুরু হতে যাচ্ছে। গতকাল রোববার ঢাকায় আন্তমন্ত্রণালয়ের সভায় লোহালিয়া সেতুটি আবার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পটুয়াখালী এলজিইডি কার্যালয় সূত্র জানিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ বলেন, লোহালিয়া সেতুর অনুমোদিত উচ্চতা ছিল ৯ দশমিক ৫৭ মিটার। এ সেতু অনুমোদনের সময় পায়রা সমুদ্রবন্দরের কথা বিবেচনা করা হয়নি। পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণের ফলে ভবিষ্যতে লোহালিয়া নদী দিয়ে পণ্যবাহী বড় বড় জাহাজ চলাচল করবে। এর ফলে কম উচ্চতার সেতুর নিচ দিয়ে সেগুলো চলতে পারবে না। এ কারণে লোহালিয়া সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা বসা হয়েছে। এরপর গতকাল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে আন্তমন্ত্রণালয়ের সভায় লোহালিয়া সেতু আবার নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবু সালেহ মো. হানিফ জানান, পায়রা সমুদ্রবন্দরের স্বার্থে এবার সেতুর উচ্চতা আরও বাড়ানো হয়েছে। এখন সেতুর উচ্চতা হবে লোহালিয়া নদীর মূল চ্যানেলের সর্বোচ্চ পানি থেকে ১২ দশমিক ২ মিটার এবং সেতুর মাঝখানে স্টিলের প্লেট ব্যবহার করা হবে।
লোহালিয়া সেতুর নির্মাণকাজ বন্ধ নিয়ে গত ৬ মে প্রথম আলোয় ‘২৯ কোটি টাকা পানিতে নষ্ট হবে?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এলজিইডি কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ করতে ২০০৮ সালে পটুয়াখালী-বাউফল-দশমিনা-গলাচিপা-কলাগাছিয়া সড়কের লোহালিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৪৬৪ মিটার দৈর্ঘ্যের এই গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৪৬ কোটি টাকা। ২০১১ সালের ৯ নভেম্বর কার্যাদেশ নিয়ে সেতুর নির্মাণকাজ শুরু হয়। শুরুতেই ৪ দশমিক ৯৫১ একর ভূমি অধিগ্রহণে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় করা হয়।
এদিকে সেতুর ৫৫ শতাংশ নির্মাণকাজ শেষে হওয়ার পর ২০১৪ সালের ১ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে প্রায় দুই বছর ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। তবে ৫৫ শতাংশ কাজ শেষ হওয়ায় ঠিকাদারকে ২৫ কোটি ২৯ লাখ টাকা বিল পরিশোধ করা হয়। ভূমি অধিগ্রহণ ও সেতু নির্মাণের মোট ব্যয় হয় ২৯ কোটি ৪ লাখ ২২ হাজার ৩৭৯ টাকা। এরপর সেতুটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।