আবার শুরু হলো সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
দ্বিতীয়বারের মতো গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৪। এ উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থী সমাবেশে মিলিত হয়৷
শিক্ষার্থী সমাবেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা অর্থনীতিতে পিছিয়ে থাকলেও মেধায় পিছিয়ে নেই৷ দেশের আনাচকানাচে অযত্নে ছড়িয়ে আছে অসংখ্য মেধাবী৷ তারা অনেকে সামনে আসার সুযোগ পায় না৷ সুযোগ পেলে তারাও যে মেধার স্বাক্ষর রাখতে পারে, তার প্রমাণ বহু আছে৷’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আখতারুজ্জামান, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ৷
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয়-এই চার স্তরে এ প্রতিযোগিতা হবে৷ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলবে৷