আবার শ্রেণীকক্ষে তালা লাগাল ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার অনুমতি না পাওয়ায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শ্রেণীকক্ষে তালা লাগিয়েছেন ওই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রাজু মুন্সি।
গতকাল সকাল সাড়ে ১০টায় রাজু মুন্সি তাঁর সঙ্গীদের নিয়ে বিভাগের প্রতিটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন। ১২টা থেকে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের মধ্য সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে চেয়েছিলেন রাজু মুন্সি। অথচ তিনি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন।
বিভাগের সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘বেশ কদিন আগে বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হওয়া তিন শিক্ষার্থী বিভাগের দ্বিতীয় বর্ষের মধ্য সাময়িক পরীক্ষায় অংশ নেওয়ার অন্যায় দাবি নিয়ে আমার কাছে এসেছিল। আমি তাদের এটি সম্ভব নয় বলে বুঝিয়েছিলাম। ইতিমধ্যেই তাদের বিশেষ পরীক্ষা নিতে সব ধরনের কাজ সম্পন্ন করেছি। কিন্তু তারা আমার কথা না শুনে শনিবার মধ্য সাময়িক পরীক্ষা শুরুর আগে তাদের সঙ্গীদের নিয়ে শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে বিভাগের পাঁচটি শ্রেণীকক্ষেই তালা লাগিয়ে দেয়। এই কারণে গতকাল শনিবারের পরীক্ষাটি স্থগিত করা হয় এবং বিভাগে কোনো ক্লাসও হয়নি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে খবর দেওয়া হলে তিনি আসার পর তালা ভাঙা হয় বলে জানান অধ্যাপক হারুনুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টির ব্যাপারে বিভাগের সভাপতি ও আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছি। যারা তালা লাগিয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে ঘটনার বিষয়ে রাজু মুন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বলেন, ‘ শুনেছি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কর্তৃপক্ষ প্রথম বর্ষের পরীক্ষার পুরো প্রক্রিয়া শেষ না করেই দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু করেছিল। ভুক্তভোগী রাজু মুন্সি সাধারন ছাত্রদের পক্ষ নিয়ে এর প্রতিবাদ করেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।’