খুলনা জেলা ছাত্রলীগের এক বছরের কমিটি গড়িয়েছে প্রায় সোয়া চার বছরে। গঠিত হয়নি পূর্ণাঙ্গ কমিটি। এ অবস্থায় আবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, বর্তমান কমিটির সভাপতি আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গত দুই বছরে দুবার পূর্ণাঙ্গ কমিটি জমা দিলেও কেন্দ্র তা অনুমোদন করেনি। সংগঠনের কেন্দ্রীয় সংসদ গত ৩০ মার্চ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে ২০ এপ্রিলের (আজ বুধবার) মধ্যে আবার পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে। এ খবরে পদপ্রত্যাশী নেতারা জেলা আওয়ামী লীগ, নতুন ও সাবেক ছাত্রলীগ নেতাদের কাছে ছুটে বেড়াচ্ছেন।
দলটির একাধিক সূত্র জানায়, সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আলাদাভাবে পাঁচজনের নামের তালিকা পাঠিয়েছেন। হারুনুর রশিদের পাঠানো তালিকায় রয়েছেন জেলা ছাত্রলীগের বর্তমান সহসভাপতি সাইয়েদুজ্জামান, খুলনা বিএল কলেজ কমিটির সাবেক সদস্য আল আমীন, কোনো কমিটিতে না থাকা ইমরান হোসেন, আবু সাইদ ও দ্বীপ পান্ডে বিশ্ব। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদীরও পাঁচজনের একটি তালিকা পাঠানোর কথা।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল হারুনুর রশিদের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী বলেন, তিনি এখনো তালিকা পাঠাননি। তবে সভাপতি পাঠিয়েছেন বলে শুনেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটির তালিকা চেয়ে জেলা নেতাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। অনেক পুরোনো কমিটি আবার নতুন করে করা হবে, কিছু কমিটি পূর্ণাঙ্গ করা হবে। খুলনার ক্ষেত্রে জেলা কমিটি পূর্ণাঙ্গ করা বা নতুন কমিটি করা—যেটা যুক্তিযুক্ত হবে, সেটাই করা হবে।’
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, প্রায় ১৪ বছর আগে ২০০২ সালের ২৫ জুলাই জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। সেখানে শেখ মো. আবু হানিফকে সভাপতি ও মো. নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। এরপর ২০১২ সালের ১০ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য আরাফাত হোসেনকে সভাপতি ও মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে একজন কেন্দ্রীয় সদস্যসহ ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়। সে সময় দ্রুত পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা দিতে নির্দেশ দেওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক গত ৩ মার্চ কয়রা উপজেলা ছাত্রলীগের একটি অপূর্ণাঙ্গ কমিটি ছাড়া আর কোনো কমিটি দিতে পারেননি।
জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন বলেন, ‘কমিটির ব্যাপারে কেন্দ্রকে বারবার জানানো হলেও স্থানীয় আওয়ামী লীগের কোন্দলের কথা বলে তাঁরা কোনো সিদ্ধান্ত দেননি। কেন্দ্রীয় ছাত্রলীগ বর্তমান কমিটি পূর্ণাঙ্গ করে তালিকা চেয়েছে। আমরা তালিকা পাঠিয়েছি।’