আবার সংবাদপত্রের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতাল চলাকালে নোয়াখালীতে আবারও প্রথম আলোসহ সংবাদপত্র বহনকারী দুটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জেলা শহরের মাইজদী বাজার টেলিভিশন সেন্টার ও বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে হরতাল-সমর্থকেরা ওই হামলা চালান।
এর আগে গত ২৮ অক্টোবর ওই সেন্টারের কাছে সংবাদপত্রের গাড়িতে হামলা হয়েছিল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, সংবাদপত্রের গাড়িতে হামলার ঘটনা দুঃখজনক। এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাস টেলিভিশন সেন্টারের কাছে হরতাল-সমর্থকদের ব্যারিকেড সরিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। পরে গাড়ি থেকে সব পত্রিকা নামিয়ে রাখতে বাধ্য করেন হরতাল-সমর্থকেরা।
অন্যদিকে, সকাল ছয়টার দিকে বাংলাবাজারে প্রথম আলো বহনকারী একটি গাড়ি ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। তাঁরা গাড়িটিকে নির্ধারিত গন্তব্য চন্দ্রগঞ্জের পরিবর্তে চট্টগ্রাম ফেরত যেতে বাধ্য করেন। এতে নোয়াখালীর চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর জেলা শহরের পাঠকেরা গতকাল প্রথম আলো পাননি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ও সদর (সুধারাম) থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, সংবাদপত্রের গাড়িতে হামলার ঘটনা তাঁরা শুনেছেন, তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখা হবে।