আবার সড়ক দুর্ঘটনা, আবার প্রাণহানি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিজপাড়া প্রেমবাজার এলাকায় আজ মঙ্গলবার গাছের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের ধাক্কা খাওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। প্রেমবাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। নিহত যাত্রীদের মধ্যে দুজনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন কোরবান আলী (৪৫) ও শামীমা আক্তার (৩০)। কোরবানের বাড়ি নীলফামারীতে ও শামীমার বাড়ি বীরগঞ্জে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। নিহত ব্যক্তির সঠিক সংখ্যা সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আহত ব্যক্তিরা বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সেখানকার আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসানের ভাষ্য, গুরুতর আহত সাতজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৩ জন সেখানে ভর্তি রয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনকে ধাক্কা দিয়েছে কাভার্ড ভ্যান। এতে এক নারীসহ ছয়জন নিহত হয়। আহত হয় আনসারের এক সদস্যসহ ১১ জন। হতাহত ব্যক্তিদের প্রায় সবাই ট্রেনের যাত্রী ছিল। এরপর আজ আবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল।