আবার সদস্য সংগ্রহে বিএনপি পাশাপাশি সাংগঠনিক সফর
সদস্য সংগ্রহ অভিযানের লক্ষ্য অর্জনের জন্য বিএনপি দেশব্যাপী আবারও কর্মসূচি শুরু করতে যাচ্ছে। তা ছাড়া আগামী ১৫ মার্চের মধ্যে ১৯ জেলায় কাউন্সিল অনুষ্ঠান এবং সারা দেশে সাংগঠনিক সফর করা হবে। এই কাজগুলো মার্চের মধ্যেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদের এক বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।৫০ লাখ সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি দলটি। ওই অভিযানে কত সদস্য ফরম পূরণ করেছিল, সেই হিসাবও নেই দলটির কাছে। গতকালের বৈঠকে সদস্য সংগ্রহ অভিযানের তথ্য সংগ্রহ এবং যেসব এলাকায় লক্ষ্য পূরণ হয়নি, সেই সব এলাকাসহ সব এলাকায় আবারও এই অভিযান শুরুর সিদ্ধান্ত হয়।সূত্র জানায়, দলের সাংগঠনিক সম্পাদকদের নিজ নিজ বিভাগের অধীন জেলাগুলোর সদস্য সংগ্রহ অভিযানের তথ্য আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময় প্রায় ২০ লাখ ফরম বিক্রি হয়েছিল বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ফরমই পূরণ হয়ে কেন্দ্রে ফিরে আসেনি।বৈঠকে উপস্থিত যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, সদস্য সংগ্রহ একটি চলমান প্রক্রিয়া। গত বছর আনুষ্ঠানিকভাবে যে অভিযান শুরু হয়েছে, সে সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। এগুলো সংরক্ষণ করা হবে। পাশাপাশি এখন যারা সদস্য হতে চাইবেন, তাঁদেরও সদস্য করা হবে।অপর এক যুগ্ম মহাসচিব জানান, সম্প্রতি আওয়ামী লীগ সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। দলটি নবীন ও নারীদের সদস্য করার ব্যাপারে জোর দিচ্ছে। এ অবস্থায় বিএনপিরও বসে থাকার সুযোগ নেই। ফলে লক্ষ্য পূরণের জন্য এখনই সদস্য সংগ্রহ কার্যক্রম জোরালো করা হলে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্ত অবস্থান গড়তে পারবে।২৩ জেলায় সম্মেলন ১৫ মার্চের মধ্যে: সূত্র জানায়, গতকালের বৈঠকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের যেসব জেলায় কাউন্সিল হয়নি, সেখানে কাউন্সিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগের জেলা কাউন্সিল করতে হবে ১৫ মার্চের মধ্যে। এর আগে এসব জেলায় ৩১ জানুয়ারির মধ্যে কাউন্সিল করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছিল।সাংগঠনিক সফর: গতকালের বৈঠকে সারা দেশে সাংগঠনিক সফর নিয়ে আলোচনা হয়। তবে কবে থেকে এই সফর শুরু হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে এ ব্যাপারে আরও একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে।সূত্র জানায়, প্রতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ওই বিভাগের জেলাগুলো সফর করবে।