আবার সন্তানের সামনে মায়ের রক্তে ভাসল সড়ক
আবার সন্তানের সামনে মায়ের রক্তে ভাসল সড়ক। এবারও প্রাণহরণকারী বাসের বেপরোয়া চালক। স্থান সেই কমলাপুর।
দুই সন্তান নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় ঈদ করতে যাচ্ছিলেন সানজিদা আক্তার (৩৫)। গতকাল শনিবার ভোরে ট্রেন ধরতে কমলাপুর যাওয়ার পথে বাসা থেকে অল্প কিছু দূরে তাঁকে চিরতরে থামিয়ে দেয় বাস। প্রথমে পেছন থেকে রিকশায় ধাক্কা, তারপর রাস্তায় পড়ে যাওয়া সানজিদার গায়ের ওপর দিয়েই বাস চালিয়ে পালিয়ে যান চালক। নিহত সানজিদা র্যাব-৮-এ উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আবু সাইদের স্ত্রী।
গত ২৪ সেপ্টেম্বর এই কমলাপুরেই শিশুসন্তান নিয়ে স্কুল থেকে বাসায় ফেরার সময় বাসের চাপায় নিহত হন রোকসানা বেগম নামের এক নারী। পুলিশ সেই বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। গতকাল শাহজাহানপুর থানার পুলিশ জানায়, তারা ওই চালককে আর খুঁজে পায়নি। আবার এ-ও জানায়, আদালত থেকে জামিন নিয়েছেন ওই চালক।
গতকালের ঘটনার বিষয়ে পুলিশ ও সানজিদার পরিবারের সদস্যরা জানান, সানজিদা পরিবার নিয়ে মতিঝিলের এজিবি কলোনি এলাকায় থাকতেন। তাঁর বড় ছেলে আবু সাদী ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। ছোট মেয়ে সাদিয়া মতিঝিল মডেল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে।
পেশাগত দায়িত্ব থাকায় স্বামী আবু সাইদ ঈদে ছুটি পাবেন না। তাই সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে যাওয়ার জন্য গতকাল ভোর পাঁচটার দিকে বাসা থেকে রওনা দেন সানজিদা। সঙ্গে ছিলেন তাঁর ভাই মো. শরীফ। কমলাপুর রেলস্টেশন থেকে তাঁদের ট্রেনে বগুড়া যাওয়ার কথা ছিল।
মো. শরীফ সাংবাদিকদের বলেন, এজিবি কলোনির সামনে থেকে তাঁরা দুটি রিকশাযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে রওনা দেন। একটি রিকশায় ছিলেন তিনি ও আবু সাদী। অন্য রিকশায় ছিলেন সানজিদা ও সাদিয়া। শরীফ বলেন, ‘আমাদের রিকশাটি ছিল সামনে। পেছনে সানজিদাদের রিকশাটি। কমলাপুর রেলস্টেশনের কাছে বিআরটিসি বাস কাউন্টারের সামনে পৌঁছালে হঠাৎ একটি বিকট শব্দ হয়। পেছনে তাকিয়ে দেখি, একটি বাসের ধাক্কায় সানজিদা রিকশা থেকে ডান পাশে সড়কে ছিটকে পড়েছে, আর বাঁ পাশে পড়েছে সাদিয়া। চোখের পলকে কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতিতে বাসটি সানজিদাকে চাপা দিয়ে চলে যায়। দৌড়ে এসে দেখি রক্তে ভেসে যাচ্ছে সব।’
স্বজনেরা উপস্থিত লোকজনের সহায়তায় সানজিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজন ও পরিচিতরা ছুটে যায় সেখানে। স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
সানজিদার আত্মীয় সাজ্জাদুল ইসলাম বলেন, সানজিদা ও তাঁর স্বামী আবু সাঈদের মূল বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পৃথক দুটি ইউনিয়নে। নদীভাঙনের পর সানজিদার পরিবার বগুড়ার শেরপুরে বসতবাড়ি করেছেন। সেখানেই এবার ঈদ করার কথা ছিল তাঁর।
হাসপাতাল সূত্র জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করে সানজিদার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, বিকেলেই লাশ বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
র্যাব-৮-এ যোগাযোগ করে জানা গেছে, অল্প কিছুদিন আগে র্যাব-৮-এ যোগ দিয়েছিলেন আবু সাইদ। তিনি স্ত্রীর লাশ নিয়ে বগুড়ায় গেছেন।
জানতে চাইলে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলমগীর প্রথম আলোকে বলেন, বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। বাস ও চালক কিছুই শনাক্ত করা যায়নি।
শনাক্ত করার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কি না—জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, পরিবার তো কিছু বলতে পারছে না।