আবার সবুজে ঢাকবে উপকূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের নির্দেশে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে দুটি জাহাজভাঙা ইয়ার্ড উচ্ছেদ করা হয়। গতকাল দুপুর ১২টায় তোলা । ছবি: জুয়েল শীল
আদালতের নির্দেশে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে দুটি জাহাজভাঙা ইয়ার্ড উচ্ছেদ করা হয়। গতকাল দুপুর ১২টায় তোলা । ছবি: জুয়েল শীল

সীতাকুণ্ডের সোনাইছড়ির গাছশূন্য উপকূল আবার ঢাকবে সবুজে। আদালতের নির্দেশে সেই জাহাজভাঙা ইয়ার্ড দুটি উচ্ছেদ করে সেখানে লাগানো হচ্ছে গাছের চারা। ২০০৯ সালে এই ইয়ার্ড দুটি স্থাপনের জন্য কাটা হয়েছিল ১৫ হাজার গাছ।
গতকাল সোমবার ইয়ার্ড উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়। দুটি ইয়ার্ড হচ্ছে মধ্যম সোনাইছড়ির এস কে স্টিল এবং এস কে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং।
জানা গেছে, গত ৬ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বনভূমি ধ্বংস করে নির্মিত এই দুটি ইয়ার্ড উচ্ছেদ করে সেখানে নতুনভাবে বনায়নের নির্দেশ দেন। গত ৩০ জানুয়ারি সুপ্রিম কোর্ট অপর এক আদেশে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ইয়ার্ডের দুটি স্থাপনা ও অন্যান্য সামগ্রী উচ্ছেদ করার নির্দেশ দেন।
গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আরিফ মোহাম্মদের নেতৃত্বে শ্রমিকেরা দুটি এক্সকাভেটর দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, একই মালিকের এই ইয়ার্ড দুটিতে একটি তিনতলা এবং একটি দ্বিতল ভবন ছিল। গতকাল দুটি ভবনই ভাঙা শুরু হয়। পাঁচ মাস আগেও এখানে জাহাজ ছিল। এখন পুরো ইয়ার্ড শূন্য। শুধু জেনারেটর, সিলিন্ডার এবং কয়েকটি এক্সকাভেটর ও আসবাব ছাড়া তেমন কিছু ছিল না। স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ইয়ার্ডটিতে বন বিভাগের কর্মীরা গাছের চারা লাগাতে শুরু করেন। প্রাথমিকভাবে ছয় হাজার চারা এখানে লাগানো হয়।
পর্যায়ক্রমে আরও চারা লাগানো হবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা মো. মোক্তারুজ্জামান। তিনি বলেন, আবার সবুজবেষ্টনী হবে এখানে।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মুনিরুল ইসলাম বলেন, ২০০৯ সালে গাছ কেটে এই ইয়ার্ডগুলো তৈরি করা হয়। উচ্চ আদালতে দীর্ঘদিন পর এ বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ দেওয়া হয়।

ইয়ার্ড উচ্ছেদ করে গাছ লাগানো  হচ্ছে । প্রথম আলো
ইয়ার্ড উচ্ছেদ করে গাছ লাগানো হচ্ছে । প্রথম আলো

২০০৯ সালের ৩ জুলাই রাতের আঁধারে মধ্যম সোনাইছড়িতে উপকূলীয় সবুজবেষ্টনীর ১৫ হাজারের বেশি গাছ কেটে সেখানে শিপইয়ার্ড নির্মাণ শুরু হয়। তখন এখানে প্রায় ১২৫ একর সবুজবেষ্টনী ছিল। গাছ কাটার আগে এস কে স্টিল ও এস কে শিপ ব্রেকিং ইয়ার্ডের তখনকার মালিক নূরুন্নবী ভূঁইয়া ও আমিনুল ইসলাম হাইকোর্টে একটি রিট আবেদন করেন। একই বছর ২৮ জুন জাহাজভাঙা ইয়ার্ড নির্মাণে আবেদনকারীদের বাধা না দিতে বন বিভাগ ও ভূমি দপ্তরকে আদেশ দেওয়া হয় হাইকোর্ট থেকে। ওই আদেশ নিয়ে নূরুন্নবী ভূঁইয়াসহ অন্য আরও অনেকে রাতারাতি গাছ কেটে ফেলেন। এরপর ভূমি মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে ওই রিট আবেদনকারীদের বিবাদী করে সিভিল পিটিশন দায়ের করা হয়। ওই পিটিশনের রায় অনুযায়ী ইয়ার্ড দুটি উচ্ছেদ করতে বলা হয়। পাশাপাশি বন আইনে গাছ কাটার জন্য নূরুন্নবী ছাড়াও ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি বিচারাধীন।
জানা গেছে, সুপ্রিম কোর্টে মামলা চলাকালে দুই বছর আগে ইয়ার্ড দুটি মো. নাজিম উদ্দিন ও কামাল উদ্দিনের কাছে বিক্রি করে দেন নূরুন্নবী ভূঁইয়া।
কামাল উদ্দিন গতকাল উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি অক্টোবরের রায়ের পর রিভিউ আবেদন করেছি। শুনানি চলছে। এর মধ্যে ভেঙে দিচ্ছে।’
এ বিষয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘উচ্চ আদালত পুনরায় যে আদেশ দিয়েছেন, তাতে রিভিউ শুনানি চলাকালে উচ্ছেদ করতে কোনো বাধা নেই উল্লেখ করেছেন।’