আবার সময় চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল মঞ্জুর হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেয়নি সিআইডি। রাষ্ট্রপক্ষে সময় চেয়ে আবেদন করা হলে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম আগামী ২৪ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলাটির অধিকতর তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা আবদুল কাহার আকন্দ। তবে গতকাল তদন্ত সংস্থা থেকে সময় চেয়ে আবেদন করা হয়নি। মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা অসুস্থ। তাই অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চেয়ে আবেদন করা হয়েছে। আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য ছিল। রায় ঘোষণার আগে তৎকালীন বিচারক হোসেনে আরা আকতারকে বদলি করা হয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটিতে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মঞ্জুরকে আটক করে পুলিশ। এরপর ওই বছরের ২ জুন মেজর জেনারেল মঞ্জুরকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়।