জাতীয় সংসদের আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ সম্পর্কে মতামত গ্রহণের জন্য রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের সময়সূচি আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচিতে কমিশন প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির এক জরুরি বৈঠকে নতুন সময়সূচি ঠিক হয়। এর আগে গত রোববার কমিশন যে সময়সূচি ঘোষণা করেছিল, তাতে একেক বৈঠকে নয়-দশটি করে দলের সঙ্গে বৈঠক করে চার দিনে সংলাপ শেষ করার কথা ছিল। এ জন্য দলগুলোকে চিঠিও দেওয়া হয়। তারও আগে সিদ্ধান্ত নিয়েছিল এক দিনেই ৩৮টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ করবে ইসি। কমিশন সচিবালয় সূত্র জানায়, ইসির আগের সিদ্ধান্ত অনুসারে জামায়াতের সঙ্গে আগামী ২ ডিসেম্বরের সংলাপে কয়েকটি দল অংশ নিতে আপত্তি জানায়। এ ছাড়া বিএনপির অংশ গ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। এ কারণে আগের সময়সূচি ও একসঙ্গে অনেকগুলো দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত পাল্টানো হয়।জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, আলোচনা আরও নিবিড় ও ফলপ্রসূ করার জন্য প্রতিটি দলের সঙ্গে পৃথকভাবে সংলাপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন সময়সূচি: নির্বাচন কমিশন থেকে পাঠানো নতুন সময়সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর ইসলামিক ফ্রণ্ট বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে পৃথকভাবে সংলাপ হবে। ২৭ নভেম্বর গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, গণফোরাম, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাকের পার্টি; ২৮ নভেম্বর জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; ২৯ নভেম্বর ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক দল, সিপিবি ও আওয়ামী লীগ; ২ ডিসেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি ও বিএনপি; ৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জামায়াতে ইসলামী, বাংলাদেশ তরিকত ফেডরেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) এবং ৪ ডিসেম্বর শেষ দিন বাংলাদেশ মুসলিম লীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল (এমএল), বিকল্পধারা বাংলাদেশ ও এলডিপির সঙ্গে সংলাপ হবে। প্রতিটি দলের সঙ্গে সংলাপের সময়সীমা হবে এক ঘণ্টা।