নোয়াখালীতে নতুন ২৯৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনের হিসাবে জেলায় এটি সর্বোচ্চসংখ্যক শনাক্তের নতুন রেকর্ড। নতুন ২৯৬ জন নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০০।
এদিকে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আরও তিনজন। আজ মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় ও কোভিড-১৯ হাসপাতাল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে মারা যাওয়া তিনজনের মধ্যে এক কিশোরী রয়েছে। ১৭ বছরের মেয়েটির বাড়ি বেগমগঞ্জ উপজেলায়। করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হওয়ার পর থেকে ওই কিশোরী বাড়িতে চিকিৎসাধীন ছিল। অপর দুজন মারা গেছেন শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড হাসপাতালে। এই তিনজনকে নিয়ে জেলায় করোনায় মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯।
মঙ্গলবার নোয়াখালীর তিনটি করোনা পরীক্ষা কেন্দ্রে মোট ৭৯১ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে ওই ২৯৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক শূন্য ৮ শতাংশ। নতুন শনাক্ত করোনা রোগীর মধ্যে সর্বোচ্চ ১০৫ জন সদর উপজেলার বাসিন্দা। এর বাইরে সুবর্ণচরের ৭ জন, বেগমগঞ্জের ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিলের ১ জন, সেনবাগের ৩৫ জন, কোম্পানীগঞ্জের ২৮ জন ও কবিরহাট উপজেলার ১৯ জন রয়েছেন।
এর আগে নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ৩ আগস্টের। ওই দিন নতুন ২৯৩ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জনের কার্যালয়। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৫৬।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, নোয়াখালীতে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ২০০ জন করোনা রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৪০ জন। বর্তমানে নমুনা পরীক্ষা বেশি হওয়ায় রোগী বেশি শনাক্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জেলার করোনার সংক্রমণ গত কয়েক দিন ধরে ৩০-৩৩ শতাংশের মধ্যে ওঠানামা করছে।