আবার সাংসদ ও চেয়ারম্যানের ইন্ধনের কথা এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোবিন্দগঞ্জে গতকাল সকালে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত গণশুনানি চলাকালে নিজেদের বাড়িঘরে হামলাকারীদের শাস্তি চেয়ে ও জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন সাঁওতালরা l ছবি: প্রথম আলো
গোবিন্দগঞ্জে গতকাল সকালে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত গণশুনানি চলাকালে নিজেদের বাড়িঘরে হামলাকারীদের শাস্তি চেয়ে ও জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন সাঁওতালরা l ছবি: প্রথম আলো

৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির গণশুনানিতে সাঁওতালরা তাঁদের ওপর হামলার জন্য আবারও স্থানীয় সাংসদ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ইন্ধনকে দায়ী করেছেন।
গতকাল মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুরের সাঁওতাল এলাকায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ১৮ সদস্যের একটি প্রতিনিধিদলের পরিদর্শনের পর এ গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন কমিটির উপদেষ্টা বিচারপতি শামস উদ্দীন চৌধুরী মানিক।
এর আগেও গণমাধ্যমের প্রতিবেদনে সাঁওতালদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ওই দুই জনপ্রতিনিধির ইন্ধন থাকার অভিযোগ উঠেছিল।
মাদারপুর গির্জার সামনে অনুষ্ঠিত গণশুনানিতে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মধ্যে বক্তব্য দেন বারনা মুরমু, রিনা মাড্ডি, রাফায়েল সরেন, বারমা টুডু প্রমুখ। এ সময় তাঁরা তাঁদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন।
সাঁওতালরা অভিযোগ করেন, চিনিকলের জমি দখল করে তাঁদের উচ্ছেদের পেছনে সাংসদ আবুল কালাম আজাদ ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহম্মেদের ইন্ধন রয়েছে। এর ফলে তাঁদের বাড়িঘর পুড়িয়ে গরু-ছাগল, হাঁস-মুরগি লুট করা হয়েছে। তাঁরা এ ঘটনার বিচার চান।
কমিটির নেতারা এসব অভিযোগ যাচাই-বাছাই করে সরকারকে জানানোর আশ্বাস দেন। প্রতিনিধিদলে অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুল হুদা ও সাধারণ সম্পাদক কাজী মুকুল। গণশুনানি শেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে দেড় লাখ টাকা ও ২০০ কম্বল বিতরণ করা হয়।
এদিকে গতকাল গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, ধান কাটা নিয়ে সাঁওতালদের সঙ্গে আলোচনা চলছে। শেষ পর্যন্ত তাঁরা না কাটলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ও আইনি প্রক্রিয়ায় তাঁদের ঘরে ধান তুলে দেওয়া হবে।

এ ছাড়া সাঁওতালদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গত সোমবার রাতে সন্দেহভাজন আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মাদারপুর গ্রামের আজিজার রহমানের ছেলে সোহেল রানা (২৮)। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।